এইমাত্র পাওয়া

টিস্যুবক্সে মুজিববর্ষের লোগো, সমালোচনার মুখে মাউশি

মুজিববর্ষের লোগো সংবলিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) টিস্যুবক্স নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছে সংস্থাটি। এ নিয়ে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিকল্পিতভাবে এই কাজ করা হলে অবশ্যই শাস্তি পেতেই হবে। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

পোস্টে উপমন্ত্রী বলেন, মুজিববর্ষের লোগো অনাকাঙ্ক্ষিতভাবে যত্রতত্র প্রিন্ট করার একটি ঘটনা যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা ইতোমধ্যে এই প্রিন্টের বক্সগুলো বাজেয়াপ্ত করেছি এবং এর পেছনে কে, সেটি জানাতে বলেছি। পরিকল্পিতভাবে এই কাজ করা হয়ে থাকলে অবশ্যই শাস্তি পেতেই হবে।

আমাদের সমাজ, প্রশাসন, রাজনৈতিক পরিমণ্ডল সবখানেই অবিবেচক আর অতিউৎসাহীর কোনো কমতি নেই। পাশাপাশি অপরাজনৈতিক শক্তির দোসররা তো আছেই! তারা চাইবে যে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে, বিতর্ক সৃষ্টি করতে। এই চ্যালেঞ্জটি আমাদের আছেই। তিনি আরো বলেন, এই বিশাল প্রশাসনের কোথায়, কে, কোন বিতর্ক ঘটিয়ে ফেলেছে তা আগে থেকে নিয়ন্ত্রণ করা কঠিন। তাই দৃষ্টান্তমূলক শাস্তি আর ব্যবস্থা নিয়েই আমাদের এগোতে হবে।

‘মুজিববর্ষে’র আনুষ্ঠানিক কার্যক্রম বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য একটি জাতীয় বাস্তবায়ন কমিটি আছে জানিয়ে নওফেল আরো বলেন, এই কমিটি নির্দেশিত কাজের বাইরে কিছু করতে চাইলে প্রধানমন্ত্রী বলে দিয়েছেন দুস্থ, গৃহহীন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কল্যাণমূলক কিছু করতে, যেমন তাদের জন্য গৃহনির্মাণ। এতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় তার সাধারণ মানুষের জন্য যেই সমান অধিকারের দেশ তিনি রেখে যেতে চেয়েছিলেন, তা বাস্তবায়নের পথে আমরা অনেক দূর এগোতে পারব। সুতরাং অতিউৎসাহীরা সাবধান!


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.