বাংলাদেশি ছাত্রীকে ভারত ছাড়ার নির্দেশ

অনলাইন ডেস্ক :

সরকারবিরোধী কর্মকাণ্ডেে জড়িত থাকার অভিযোগ এনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত এক বাংলাদেশি শিক্ষার্থীকে ১৫ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। বলা হচ্ছে, মূলত সিএএবিরোধী ফেসবুক পোস্ট দেওয়ার কারণেই তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি আফসারাকে এই নোটিশ দেওয়া হয়। নিউজ১৮ জানিয়েছে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর ইন ডিজাইনে পড়াশুনা করা বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম আফসারা আনিকা মীম।

অভিযোগ, আনিকা সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি নাগরিকত্ববিরোধী (সিএএবিরোধী) পোস্টার দিয়েছেন। তিনি ভাবতে পারেন নি যে, এটি তাকে ভারত ছেড়ে চলে যাওয়ার কোনও নোটিশের কারণ তা হতে পারে। টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, সম্প্রতি ওই শিক্ষার্থী সিএএবিরোধী (নাগরিকত্ব সংশোধনী আইন) কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। এর পর পরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

আফসারা আনিকা মিমের বাড়ি বাংলাদেশের কুষ্টিয়ায়। ২০১৮ সালের শেষ দিকে তিনি পড়াশোনার জন্য ভারত যান। গত ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে বেশ কয়েকটি র‌্যালিতে তিনি অংশ নিয়েছিলেন। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মীমের এক সহপাঠী নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করে বলেছিলেন, প্রথমে ১৪ ফেব্রুয়ারি এবং ২০ শে ফেব্রুয়ারি আবারও তাকে নোটিশ পাঠানো হয়েছিল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ওই নোটিশে বলা হয়েছে, ভিসা পাওয়ার শর্তাবলি ভঙ্গ করেছেন আফসারা। তিনি সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তবে আফসারা কী ধরনের সরকারবিরোধী কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, সেটি ওই নোটিশে স্পষ্ট করা হয়নি। তবে ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনকে আফসারা আনিকা দাবি করেন, তিনি স্রেফ কৌতুহলবশত তিনি সিএএবিরোধী বিক্ষোভের কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন।

তিনি বলেন- যখন আমি বুঝতে পারি যে, এ নিয়ে কিছু মানুষ আমাকে ট্রোল করছে, তখন তাৎক্ষণিকভাবে আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করি। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দিল্লিতে গত কয়েকদিনের সহিংসতায় ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.