শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একজন মেয়েশিশু অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে বেড়ে ওঠে। এসব প্রতিবন্ধকতার দেয়াল ভেঙে নারীকে তার আত্মশক্তিতে বলীয়ান হতে হবে। একজন নারী ও পুরুষের মধ্যে শারীরিক, মানসিক ও দৃষ্টিভঙ্গিতে অনেক ভিন্নতা আছে। এ ভিন্নতাকে শক্তি হিসেবে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
শনিবার রাজধানীর বেইলী রোডে গার্লস গাইড বাংলাদেশ আয়োজিত বিশ্ব চিন্তা দিবস ও প্রতিজ্ঞা গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গার্লস গাইডের জাতীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।
শিক্ষামন্ত্রী বলেন, আমরা নারী ও পুরুষের মধ্যে ন্যায়সংগত সমতা চাই। যখন অনেক মানুষ একসঙ্গে কাজ করে তখন কোনো শক্তিই তাদের রুখতে পারে না। কারণ, সকল ভিন্নতা বা বৈচিত্রের মধ্যে এক ধরনের শক্তি রয়েছে।
মুনশী শাহাবুদ্দীন আহমেদ বলেন, ট্রেন চলতে হলে যেমন দুটি লাইন সমান্তরালভাবে চলা জরুরি, তেমনি জাতীয় উন্নয়নে নারী পুরুষের সমান্তরালভাবে চলা খুবই জরুরি।
অতিরিক্ত সচিব কাজী জেবুন্নেসা বলেন, সংখ্যাগত নয় মানসম্মত গাইড আমরা চাই। গার্লস গাইড নারীর ক্ষমতায়ন, নারীর উন্নয়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা করা, বাল্যবিবাহ প্রতিরোধসহ সমাজ সচেতনতামূলক অনেক কাজ করে। তাছাড়া তাদের দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রশিক্ষণ দেয়া হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও পাস কোর্সে রেঞ্জার কোর্স চালু করার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
