অনলাইন ডেস্ক :
র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কার হওয়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়য়ের ঢাকাস্থ লিয়াজো অফিসে উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে আরও উচ্চতর তদন্তের স্বার্থে কমিটিতে সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সুব্রত কুমারকে সভাপতি, প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধানকে সদস্য সচিব, কলা অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. সাহাবউদ্দিন এবং সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. একে এম জাকির হোসেনকে সদস্য করে নতুন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (সিএসই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইমরানকে র্যাগিংয়ের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২য় বর্ষের দুই শিক্ষার্থী জাকির হোসেনকে ৩ বছর ও তানভিরুল ইসলামকে দুই বছর এবং ইইই বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী মেহেদি হাসানকে দুই বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অন্যদিকে নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী লিয়োনাকে র্যাগ দেওয়ার অভিযোগে শায়রা তাসনিম আনিকা ও তোয়াবা নুসরাত মীমকে ১ বছর করে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এরপর সাধারণ শিক্ষার্থীদের একটি পক্ষ গত ১৬ ফেব্রুয়ারি র্যাগিংয়ের অভিযোগে বহিষ্কৃত ৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
