কামরুল হাসান, কলারোয়া ব্যুরো।। আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের অন্যতম অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে কলারোয়ায় ব্যাপক সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহষ্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে যৌথভাবে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কলারোয়া ক্রিকেট একাডেমি।
সকলের প্রতি কৃতজ্ঞতা, নিজের ভবিষ্যত প্রত্যাশা আর দোয়া কামনা করে বক্তব্য রাখেন সংবর্ধিত অনুর্ধ্ব১৯ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার কলারোয়ার কৃতিসন্তান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন।
উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।
বিশেষ অতিথির বক্তব্য দেন মৃত্যুঞ্জয়ের বড় ভাই আইটি বিশেষজ্ঞ ইমরুল চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলারোয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাংবাদিকসহ চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ইমরান হোসেন প্রমুখ।
ফুলেল শুভেচ্ছার পাশাপাশি সেখানে সংবর্ধিত ব্যক্তিত্বকে ক্রেস্ট উপহার দেয়া হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক রফিকুল ইসলাম।
পরে মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন তার নিজ গ্রাম উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদীতে যান। বিকেলে সেখানেও গণসংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এর আগে সকালে ঢাকা থেকে যশোর বিমান বন্দরে পৌছান মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন। সেখানে কলারোয়া থেকে যাওয়া শতাধিক ক্রিকেটার ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে কয়েকটি গাড়িবহরে শোভাযাত্রা সহকারে কলারোয়া আসার পথে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
কলারোয়া পৌর শহরের প্রবেশের সময় যশোর-সাতক্ষীরা মহাসড়কেরর পাশে ক্রীড়া সংগঠক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহীনের নেতৃত্বে কলারোয়া আলিয়া মাদরাসার বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। সেখানেও দেয়া হয় সম্মাননা।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
