বেতন বৈষম্য নিরসনে যা করবেন সরকারি চাকরিজীবীরা

বেতন বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে মানববন্ধন পালন করছে ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত নাগরিক ফোরাম। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধন কর্মসূচি থেকে তারা এ দাবি জানায়। আগামী এক মাসের মধ্যে দাবিগুলো মেনে নিতে আলটিমেটামও দেয়া হয় মানববন্ধন থেকে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক মো. মিরাজুল ইসলাম, সদস্য সচিব মো. মাহমুদুল হাসান। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হন ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীরা। সকাল ১০টার পর মানববন্ধন গণজমায়তে রূপ নেয়। এতে সারা দেশ থেকে আসা সরকারি চাকরিজীবীরা তাদের ন্যায্য দাবি মেনে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ জানান।

বক্তারা বলেন, বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির অংশিদার এই ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরাও। কিন্তু তাদের পেছনে ফেলে রেখে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। মানববন্ধনে বক্তারা আট দফা দাবি তুলে ধরেন। মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মিরাজুল ইসলাম আট দফা দাবি মেনে নিতে সরকারকে ১ মাসের আলটিমেটাম দেন।

৭ মার্চের মধ্যে দাবিগুলো মেনে নেয়া না হলে আমরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। তিনি আরও বলেন, আমরা কঠোর কর্মসূচিতে যেতে চাই না, কর্মবিরতিতেও যেতে চাই না, আমরা শুধু আমাদের ন্যায্য দাবিগুলো আদায় চাই।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.