বাসার তাসাউফ :
অনেকদিন ধরে নতুন কোনো লেখা আমি লিখতে পারছি না। না গল্প, না কোনো প্রবন্ধ অথবা কোনো রম্যগল্প। দুই দিন ধরে নতুন একটা গল্প লেখার চেষ্টা করছি; কিন্তু পারছি না।
সন্ধ্যায় বাসায় ফিরে প্রত্যেকদিনের অভ্যাসমতো কম্পিউটার অন করে গান শুনতে শুনতে লেখার প্রস্তুতি নিচ্ছি। আজকাল গান শোনার অনেক মাধ্যম আছে। ইউটিউবে শ্রীকান্ত আচার্যর গান চালিয়ে দিয়েছি, ‘বন্ধু তোমার পথের সাথিরে চিনে নিও।’ লেখতে লেখতে গান শোনা কিংবা গান শুনতে শুনতে লেখা- এটা আমার অনেক পুরনো অভ্যাস। নেশাও বলা যায়। কিন্তু আজ কী হলো, শুধু গান শুনে যাচ্ছি, কিছুই লেখা হচ্ছে না। কেবল কী-বোর্ডে হাত দিয়ে বসে আছি। একটার পর একটা গান বেজে যাচ্ছে। শ্রীকান্ত’র পর সুবীর নন্দী গাইছে, ‘বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম।’
বন্ধু বিষয়ক গান শুনতে শুনতে আমার বন্ধুদের কথা মনে পড়ে গেল।
কতরকম বন্ধুই তো জুটেছে এ জীবনে। সেই সব বন্ধুকে নিয়ে একটা গল্প লিখতে ইচ্ছে করে।
আমার শৈশবের বন্ধু খলিল, যাকে নিয়ে আমি আমার গ্রামের সামনে দিয়ে বয়ে চলা নদীর পাড়ে পাড়ে ছুটে বেরিয়েছি, কখনো মাছ ধরতে কখনো বালির ঘর বানাতে। তাকে নিয়ে একটা গল্প লেখতে ইচ্ছে করে।
বশিরের কথা মনে পড়ছে খুব। এই ছেলেটার প্রতিভা আমাকে আজো বিস্মিত করে। সে আর আমি একসঙ্গে মাধ্যমিক দিয়েছিলাম। তার কাছে আমার কিছু ঋণ আছে, সেই ঋণ শোধ করার মতো নয়, সেটি নিয়েও একটি গল্প হতে পারে।
মোতালিব আমার অনেক প্রিয় বন্ধুদের একজন। অনেক দিন না দেখা প্রিয় এই বন্ধুটাকে নিয়েও একটা গল্প হতে পারে। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো লেখা হলে গল্প নয়, লেখা যাবে একটা উপন্যাস।
শিরিন আমার বন্ধু ছিল, মেয়ে বন্ধুদের মধ্যে সে ছিল আমার সবচেয়ে ভালো বন্ধ, একইসঙ্গে ছিল ভালো মানুষও। ছিল, এখন নেই। কোথায় হারিয়ে গিয়েছে, সেই গল্পটা আগে বহুবার বলেছি। তার কথা আপাতত বলতে পারব না। বুকের ভেতরে দীর্ঘ একটা শ্বাস বাঁইকুড়ালি বাতাসের মতো ঘুরতে থাকে তার কথা মনে পড়লেই। দুঃখের কোনো কথা মনে রাখতে বা কারো কাছে বলতে নেই। সেই সব বিষাদক্লীষ্ট কথা বলতে এখন আর ইচ্ছে করে না। তাহলে কী ইচ্ছে করে? আমার কেবল একটা গল্প লিখতে ইচ্ছে করে। গল্পটা কাকে নিয়ে লেখি, সেটাই ভাবনা এখন। রুকয়িাকে নিয়ে লেখা যায়? তার গল্প আমি কখনো কাউকে বলি নি। বলতে চাই নি। কেবল নিজের বুকের বুকশেলফে সাজিয়ে রেখেছি। এখন কি তাকে নিয়ে একটি গল্প লেখা যায়? সত্যিই লেখা যায়? না, লেখা যায় না। কারণ শিরিনের মতো সেও যে চলে গেছে- শুধু দৃষ্টি সীমার ওপারে নয়, একেবারে পৃথিবীর ওপারে।
আমি কেবল একটা গল্প লিখতে চাই, যে গল্পে ‘আমি’ থাকব, ‘আমরা’ থাকব, ‘তুমি’ ‘তোমরা’ ‘তুই’ ‘তোরা থাকবি, ‘সে’ থাকবে, ‘তারা’-ও থাকবে- যে গল্পে ‘আমি’ ‘তুমি’ ‘আমরা’ মিলে ‘সবাই’ থাকব।
ধরা যাক, গল্পটা শুরু হলো শাহজাহানকে নিয়ে। শাহজাহান আমার ক্লাসমেট ছিল। আমরা একসঙ্গে মাধ্যমিক দেবার কথা ছিল, কিন্তু শাহজাহান টেস্ট পরীক্ষায় দুই বিষয়ে ফেল করে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে না পেরে পরের বছরই চলে যায় সৌদি আরবে। লো হাওয়া আর খোরমা-খেজুরের দেশটিতে গিয়ে কাড়ি কাড়ি টাকা কামিয়ে এখন সে শহরে বিশাল এক বাড়ি কিনেছে, সন্দরী এক নারীকে বিয়ে করেছে, হজ¦ করে মুখ ভর্তি দাড়িও রেখেছে। তাকে নিয়ে গল্পটা শুরু করে আমি টেনে আনতে পারি হাবিকে। হাবিব প্রতি মাসে দশ-বারোটা লটারির টিকেট কিনত। তার অনুপ্রেরণা ছিল বাংলা সিনেমার হিরো জসিম। হাবিবের দৃঢ় বিশ্বাস ছিল লটারিতে সে চিল্লিশ লাখ টাকা পাবেই। হাবিব চল্লিশ লাখ টাকা পায় নি। তবে ডিভি জয়ী হয়ে এখন সে আমেরিকার নাগরিক। সেদিন ইমোতে কল দিয়েছিল। দেহে আর বাঙ্গালী ভাব নেই। পুরোপুরি আমেরিকান। জানতে চাইল, ‘তুই এখন কী করছিস, বাসার?’
আমি জবাব দিলাম, ‘তোদেরকে নিয়ে একটা গল্প লেখতে চেষ্টা করছি।’
‘তুই এখনো ওসব নিয়ে আছিস?’
‘কী করব, বল?’
‘তোর কোনো চাকরি হয় নি?’
‘না।’
‘কী বলিস, তোর তো রেজাল্ট ভালো ছিল, চাকরি হল না কেন?’
‘কী জানি? এ দেশে চাকরি শুধু মেধায় হয় না। টাকা, মেধা ও লোক তিনটির যে কোনো দুটো জিনিস লাগে।’
‘এক কাজ কর, তুই বিদেশে চলে আয়, আমি সব ব্যবস্থা করব।’
‘তোমরা যেখানে সাধ চলিয়া যাও, আমি বাংলার পাড়ে রয়ে যাব….!’
‘ধ্যাত্ত! আবারও কবিতা!
বিরক্ত হয়ে হাবিব ফোন রেখে দিয়েছে। তাকে নিয়ে তাই গল্পটা আর এগোয় নি।
আজকাল যাকে নিয়ে গল্প লিখতে ইচ্ছে করে তার নাম নজরুল। কেরালা ছবির নায়কদের মতো শরীর। হোমনা রামপুরা হোটেলে মালাইদেয়া গরম চায়ে চুমুক দিতে দিতে তাকে বলেছি সে কথা। সেও রাজি হয়েছে। বলে, ‘আমার জীবনে একটা গল্প আছে, লিখতে পারিস।’
আমি তো গল্প লিখতেই চাই। কিন্তু যাকে নিয়ে লিখব তারও একটা গল্প থাকে। আমার আর গল্প লেখা হয় না। আমি আর গল্প খুঁজে পাই না। যে গল্পটাই লেখতে চাই, সেটাই হারিয়ে যায়। ভাবি, যে গল্পটা লেখাই হয় নি, সেই গল্পটা হারালো কোথায়?
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
