ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব। সোমবার ভোরে উপজেলার গুণবহ এলাকায় অভিযান চালিয়ে মো. সাহাবুদ্দিন শেখ (২০) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।আটকের সময় তার কাছ থেকে ভুয়া প্রশ্নফাঁসের কাজে ব্যবহৃত দুটি মোবাইল জব্দ করা হয়। সাহাবুদ্দিন শেখ গুণবহ গ্রামের মো. সিরাজ শেখের ছেলে বলে জানা যায়।
সোমবার প্রেস বিফ্রিংয়ে এ তথ্য জানান ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সোয়েব আহমেদ খাঁন।
তিনি সাংবাদিকদের জানান, শাহাবুদ্দিন শেখ মোবাইল প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। সে অসত্য তথ্য দিয়ে একটা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলে। এই ফেসবুক আইডি এবং মেসেঞ্জারের মাধ্যমে এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইনভিত্তিক বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে প্রচারণা চালায়। ফেসবুকের মাধ্যমে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র সরবরাহ করে দেয়ার আশ্বাস দিয়ে অনেকের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেয়।
সিনিয়র সহকারী পুলিশ সোয়েব আহমেদ আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে শাহাবুদ্দিনকে বোয়ালমারী উপজেলার গুণবহ এলাকায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে সে চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের সঙ্গে জড়িত সে বলে স্বীকার করে সে। এ ঘটনায় বোয়ালমারী থানায় ‘পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন’ ১৯৮০ এর ৪(ক)/৪(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
