এইমাত্র পাওয়া

আট জেলায় শিক্ষক নিয়োগের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ

ফরিদপুর ও লক্ষ্মীপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের যোগদানের লক্ষ্যে দেওয়া নিয়োগপত্রের ওপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে নাটোর, পাবনাসহ আরো ছয়টি জেলার নিয়োগ কার্যক্রমের ওপরও স্থগিতাদেশ দিয়েছে আদালত। পৃথক পৃথক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী মো. আসাদ উদ্দিন, জামিউল হক ফয়সাল ও আব্দুস সাত্তার পালোয়ান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার শুনানি করেন।

অ্যাডভোকেট মো. আসাদ উদ্দিন সাংবাদিকদের বলেন, ফরিদপুর ও লক্ষ্মীপুর জেলায় চূড়ান্ত ফলাফলে উত্তীর্ণদের নিয়োগপত্র দিয়ে দেওয়া হয়েছে। আদালত এই নিয়োগপত্রের ওপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে ঐ দুটি জেলার কেউ চাকরিতে যোগদান করতে পারবেন না। আদালত এ বিষয়ে রুলও জারি করেছে। বাকি পাঁচটি জেলায় এখনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এ কারণে ঐ পাঁচটি জেলায় প্রকাশিত চূড়ান্ত ফলের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয় ১৮ হাজার ১৪৭ জন। নারী কোটা পূরণ না হওয়ার অভিযোগে একেক জেলা থেকে নারী প্রার্থীরা হাইকোর্টে রিট করেন। এসব রিটের প্রেক্ষিতে হাইকোর্ট শুনানি নিয়ে নিয়োগের ওপর স্থগিতাদেশ দিচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.