মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
” গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করা, গণিত ভীতি দূর করা, সর্বোপরি গণিতের উৎকর্ষ সাধনের নিমিত্তে গঠিত ” বাংলাদেশ গণিত সমিতির বার্ষিক সাধারণ সভা-২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনের রেজাউর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শুক্রবার সভার আলোচ্যসূচি ছিল পূর্ববর্তী সভার কার্যবিবরণী অনুমোদন, সম্পাদকের প্রতিবেদন,কোষাধ্যক্ষের প্রতিবেদন, সাংগঠনিক আলোচনা, বিবিধ।

দেশের বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ও স্কুলের কর্মরত গণিত প্রেমীদের সমন্বয়ে গঠিত সমিতির সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ড. অমূল্য চন্দ্র মন্ডল সভার শুরুতে সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০১৯ উপস্থাপন করেন। সম্পাদকের প্রতিবেদনে তিনি বিগত সময়ে গণিত সমিতি কর্তৃক গৃহীত ও সম্পাদিত কার্যক্রম এর বিস্তারিত বর্ণনা করেন। তিনি ২০১৯ সনে গণিত অলিম্পিয়াড সুসম্পন্ন করতে যাঁরা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা করেছেন তাঁদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অলিম্পিয়াডে বিজয়ীদের সমিতির পক্ষ থেকে এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশন এর পক্ষ থেকে কি পরিমান পুরষ্কার দেয়া হয় তা বিশদভাবে তুলে ধরেন। বিদেশি বিভিন্ন সংগঠনের সাথে গণিত বিষয়ক কর্মশালায় যৌথভাবে বাংলাদেশ গণিত সমিতির অংশগ্রহণ দেশে গণিতের মৌলিক গবেষণার পথ উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। CIMPA ( International Center for Pure and Applied Mathematics ) এর উদ্যোগে গণিত বিষয়ক Scientific Research School নামে বাংলাদেশে এ ধরনের research school এই প্রথম বলে ও তিনি উল্লেখ করেন। বিদেশের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয় ও গবেষণা ইনস্টিটিউটের গণিতবিদ এর সমন্বয়ে বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় ” ২১ তম আন্তর্জাতিক গণিত সম্মেলন ২০১৯ ” কে অত্যন্ত সফল উল্লেখ করে তিনি বলেন এ সম্মেলনে উপস্থিত সবাই এই উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। তিনি জানান, স্কুল কলেজ সমূহের গণিত শিক্ষকদের প্রশিক্ষণ ও সৃজনশীল প্রশ্ন প্রণয়নের প্রশিক্ষণ বিগত বছরের ন্যায় অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
UNESCO এর ৪০ তম বার্ষিক সাধারণ অধিবেশনে ১৪ ই মার্চ π দিবসকে আন্তর্জাতিক গণিত দিবস স্বীকৃতি প্রদানের ব্যাপারে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ গণিত সমিতি ও পূর্ণ সমর্থন প্রদান করে বলে তিনি সভায় জানান। এখন থেকে ১৪ মার্চকে বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হবে এবং বাংলাদেশ গণিত সমিতি এব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান ২০১৯ সনে সমিতির আজীবন সদস্য হয়েছেন ১২১ জন এবং সমিতির বর্তমান আজীবন সদস্য সংখ্যা ১৫০২ জন।
সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান আয়-ব্যয় হিসাব ২০১৯ সভায় উপস্থাপন করেন। তিনি বাংলাদেশ গণিত সমিতির বর্তমান তহবিলের একটি প্রতিবেদন উপস্থিত সবার হাতে পৌঁছে দেন। এই প্রতিবেদনের উপর আলোচনা করা হয়। আলোচনায় কিভাবে আরো আয় ও ব্যয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
বাংলাদেশ গণিত সমিতির ২০২০ ও ২০২১ কার্যকালের কার্যকরী সংসদের নির্বাচিত সদস্যদের পরিচয় করিয়ে দেন সদ্য সমাপ্ত সংসদের সভাপতি প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে মঙ্গল কামনা করেন। তাঁর সময়ে সমিতির সার্বিক কার্যক্রমে স্বতঃস্ফূর্ত সহায়তা করার জন্য সমিতির সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংগঠনিক আলোচনায় বক্তাগণ সমিতির কার্যপরিধি আরো বৃদ্ধি করার পরামর্শ দেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ গণিত সমিতির পরিচিতি আরো বৃদ্ধির লক্ষ্যে এবং বাংলাদেশি গণিত শিক্ষার্থীদের আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সমিতির দৃষ্টি আকর্ষণ করেন। সমিতির আজীবন সদস্য মোঃ জিয়াউর রহমান মাধ্যমিক পর্যায়ে কর্মরত গণিত শিক্ষকদের গণিতের সৃজনশীল প্রশ্ন প্রণয়ন ও মূল্যায়নের উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে নবনির্বাচিত কমিটির প্রতি আহ্বান জানান।
বর্তমান সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন উত্তরা ইউনিভার্সিটির প্রফেসর ড. নুরুল আলম খান। সহ-সভাপতি হিসেবে ড. মোঃ শহীদুল ইসলাম, ড. এম. জুলফিকার আলী এবং ড. মোঃ রেজাউল করিম নির্বাচিত হয়েছেন। সমিতির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. মোঃ শওকাত আলী। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ বাবুল হাসান। যুগ্ম সম্পাদক হিসেবে রায়হানা তসলিম নির্বাচিত হয়েছেন। সহকারী সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শামসুল হক। কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ১১ জন। তাঁরা হলেন, ড. মোঃ মোবারক হোসেন, ড. অমূল্য চন্দ্র মন্ডল, প্রফেসর ড. মোঃ আশরাফ উদ্দিন, প্রফেসর ড. মোঃ মনিরুল আলম সরকার, ড. গণেশ চন্দ্র রায়, ড. মোঃ আব্দুল হাকিম খান, মোঃ আকতারউজ্জামান , ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, কাজী মোঃ খায়রুল বাসার, ড. হুমায়ূন কবীর এবং মোঃ গোলাম মোস্তফা।
নবনির্বাচিত সংসদ সাংগঠনিক আলোচনায় বক্তাগণ যেসব মতামত, পরামর্শ দিয়েছেন তা পরবর্তী কার্যকরী পরিষদের অধিবেশনে গুরুত্বসহকারে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় আশ্বাস দিয়েছেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
