তুরস্কে অধ্যয়নের সুযোগ পাবেন ইবি শিক্ষার্থীরা

তুরস্কের কাফকাস বিশ্ববিদ্যালয়ের সাথে দ্বি-পাক্ষিক সমঝোতা চুক্তি সম্পাদন করেছে বাংলাদেশের ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। এর মাধ্যমে ইবি’র শিক্ষক-শিক্ষার্থীরা কাফকাস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

শনিবার উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট স্বাক্ষরিত চুক্তিনামা হস্তান্তর করেন ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স সেলের পরিচালক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ।

জানা গেছে, এই চুক্তির ফলে আগামী ৫ বছর বিশ্ববিদ্যালয় দুটি শিক্ষকÑশিক্ষার্থী বিনিময় করবে। এর ফলে শিক্ষক-শিক্ষার্থীরা ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ‘মেভলোনা এক্সচেঞ্জ প্রোটোকল’ এর আওতায় উচ্চশিক্ষা ও গবেষণা করতে পারবেন। ১৩টি বিভাগে ইবি’র শিক্ষক-শিক্ষার্থীরা এ উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

বিভাগগুলো হলো ইংরেজী, ভাষা ও সাহিত্য, আরবী ভাষা ও সাহিত্য, বিজনেজ স্টাডিজ এন্ড ম্যানেজমেন্ট সায়েন্স, অর্থনীতি, গণিত, কম্পিউটার সায়েন্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, রাষ্ট্রবিজ্ঞান, চারুকলা, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি ও এনভায়রোনমেন্টল সায়েন্স এন্ড জিওগ্রাফি বিভাগের।

চুক্তিনামা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার এসএম আবদুল লতিফ, আইআইইআর’র পরিচালক অধ্যাপক ড. মেহের আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, আগামী ২০২৫ সাল পর্যন্ত এই চুক্তি বহাল থাকবে। এই প্রজেক্টের যাবতীয় খরচ কাফকাস বিশ্ববিদ্যালয় বহন করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.