নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে শিক্ষার্থীদের ব্যবহৃত পাঁচ শতাধিক মোবাইল ফোন ভেঙে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির শিক্ষকদের বিরুদ্ধে। গত শনিবার (১৩ জুলাই) কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ জসিম উদ্দিনের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করার শর্তে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অভিযোগ করেন, অধিকাংশ শিক্ষার্থী একা কলেজে আসা-যাওয়া করে। এজন্য তারা সঙ্গে ফোন নিয়ে আসে। ওই দিনও তারা ফোন নিয়ে আসে। কলেজ থেকে বলা হয়, ফোন জব্দ করার পর কলেজ ছুটি হলে সেগুলো ফেরত দেয়া হবে। তবে শিক্ষকরা ফোন জমা নিয়ে আর ফেরত দেননি। পরে সেগুলো ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
কলেজে অধ্যক্ষ জসিম উদ্দিন দাবি করেন, কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা নিষেধ- এমন নিষেধাজ্ঞা দেয়ার পরও তারা একাধিকবার তা লঙ্ঘন করেছে। গত সপ্তাহেও এ বিষয়ে সতর্ক করা হয়। তারপরও তারা ফোন নিয়ে আসে।
তিনি বলেন, ক্লাস চলাকালীন ফোন বেজে উঠলে শিক্ষকদের অসুবিধা হয়। এ ছাড়া অনেকে ক্লাসে বসেই ফোনে কথা বলে। এতে ক্লাসে শিক্ষকদের পড়াতে সমস্যা হচ্ছে। তাই ভবিষ্যতে যাতে এ ধরনের কাজ আর কেউ না করে, সেজন্য মোবাইল জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে।
তবে অধ্যক্ষ দাবি করেন, পাঁচ শতাধিক মোবাইল ফোন ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার বিষয়টি সম্পূর্ণ মিথ্যাচার। এ সংখ্যা মাত্র কয়েকটি বলেও তিনি জানান।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-আর-রশিদের বলেন, কলেজে মোবাইল ফোন আনার অপরাধে ফোন ভেঙে ফেলা ও পুড়িয়ে ফেলা যায় না। এটা খুবই দুঃখজনক ও ন্যাক্কারজনক ঘটনা। এ ধরনের কাজ করা কলেজ কর্তৃপক্ষের কোনোভাবেই উচিত হয়নি। শিক্ষার্থীদের সতর্ক করা উচিত ছিল।
তিনি আরো বলেন, যদি ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, অভিভাবকরা এ বিষয়ে লিখিত অভিযোগ করেন তবে আমলে নিয়ে তা খতিয়ে দেখা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল