কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বৃদ্ধার কোলে ফেলে যাওয়া তিন দিনের শিশুটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানার হেফাজতে তার বাসায় রয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে ইউএনও নিজে হাসপাতালে গিয়ে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাতৃস্নেহে কোলে নিয়ে তার বাসায় নিয়ে যান।
আদালতের আদেশ না দেয়া পর্যন্ত শিশুটি তার হেফাজতে রাখতে কিশোগঞ্জের জেলা প্রশাসক তাকে নির্দেশ দিয়েছেন বলে জানান ওই নির্বাহী কর্মকর্তা।
এর আগে ২৪ জানুয়ারি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে তিন দিনের শিশুকন্যাকে ফেলে পালিয়ে যান এক নারী। শিশুটি উদ্ধার করে হাসপাতালের তত্ত্বাবধানে দেয় উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকার দুর্জয় মোড়ে এ ঘটনাটি ঘটে।
ওই শিশুটিকে উদ্ধার করে সেদিন রাত পৌনে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. বুলবুল আহমেদের তত্ত্বাবধানে দেয়া হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় একটি জিডি করে, যার নং-১১৫১)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মধ্য বয়সী এক নারী শিশুটিকে নিয়ে ভৈরবে বাস থেকে নামার পর পাশের এক দোকানে যান।
এর পর এক বৃদ্ধাকে ওই নারী বলেন, শিশুটিকে একটু রাখেন, আমি বাথরুমে যাব। সরল মনে বৃদ্ধা শিশুটিকে কোলে রাখেন। তার পর বাথরুমের কথা বলে ওই নারী আর ফিরে আসেননি।
এক ঘণ্টা অপেক্ষার পর ওই বৃদ্ধার সন্দেহ হয়। এ সময় স্থানীয় আশরাফুল হোসেন নামে এক যুবককে ঘটনাটি জানান বৃদ্ধা। পরে ওই যুবক ঘটনাটি পুলিশকে অবহিত করেন। তার পর পুলিশ ঘটনাটি থানায় জিডি করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়।
ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসার শিশুটিকে উপজেলা হাসপাতালের ডা. বুলবুল আহমেদের তত্ত্বাবধানে রাখতে বললে ২৪ জানুয়ারি (শুক্রবার) রাত পৌনে ১০টায় শিশুটিকে হস্তান্তর করা হয়।
ভৈরব থানার উপপরিদর্শক মো. মহসীন জানান, আশরাফুল নামে এক যুবক শিশুটিকে থানায় নিয়ে আসেন। তখন তিনি ঘটনা খুলে বললে এ বিষয়ে থানায় জিডি করার পর উপজেলা নির্বাহী অফিসারকে ঘটনাটি অবহিত করে শিশুটিকে উপজেলা হাসপাতালের তত্ত্বাবধানে দেয়া হয়।
ভৈরব উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা জানান, ঘটনাটি আমি অবহিত হয়ে পুলিশকে থানায় জিডি করতে বলি। আদালতের অনুমতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
