নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, স্কুলের পাঠদান বাদ দিয়ে বা ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্য করলে সাময়িকভাবে শিক্ষার্থীরা উপকৃত হলেও মনে রাখতে হবে আপনি নিজেকে ঠকাচ্ছেন শিক্ষার্থীদের ঠকাচ্ছেন এবং অভিভাবকদের হয়রানি করছেন।
সোমবার দুপুরে নরসিংদী শহরের নরসিংদী আইডিয়াল হাই স্কুলের ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
নরসিংদী জেলা প্রশাসক বলেন, কোচিং বাণিজ্য করে নিজে উপকৃত হলে এর জন্য আপনাকে রাষ্ট্রের কাছে, শিক্ষার্থীদের কাছে এবং আপনার নিজের বিবেকের কাছে একদিন জবাব দিতে হবে। এর ফলে শিক্ষার্থীরা কিছু সুবিধা পেলেও তারা কিন্তু এক সময় আপনাকে ঘৃণা করবে। শিক্ষক নামের এই মহান পেশাকে কোচিংয়ের মাধ্যমে কলঙ্কিত করবেন না।
তিনি বলেন, এখনো স্কুলে অনেক ছাত্র আছে যারা কোচিংয়ের বিপক্ষে। কেননা তারা বুঝে শ্রেণিকক্ষে মনোযোগ না দিয়ে কোচিং বাণিজ্যের দিকে যে শিক্ষকরা চেয়ে থাকে তাদের কিন্তু মেধাবী শিক্ষার্থীরা ঘৃণা করে। তাই এই কোচিং ব্যবসা বন্ধ করে শিক্ষক নামের মহান পেশাকে সম্মানিত করার আহবান জানান তিনি।
স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) চৌধুরী আশরাফুল করিম, শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ও স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। আলোচনা শেষে স্কুলের বিদায়ী শিক্ষার্থীদের স্মৃতিচারণ মূলক একটি পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিগণ। এসময় এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
