রাজধানীতে গাড়িচাপায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

শিক্ষাবার্ত ডেস্ক :

শিক্ষক ও সহপাঠীদের কাছ থেকে বিদায় নেয়া হল না আবিরের। দেয়া হল না এসএসসি পরীক্ষা। ফেয়ারওয়েল নিয়ে বাসায় যাওয়াও হল না। রাস্তায় ওয়াসার পনির লরির চাপায় জীবন দিতে হয়েছে আবিরকে। এ মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল সাড়ে ১০টায়, পুরান ঢাকার ওয়ারীতে, বলধা গার্ডেনের সামনে। ওয়ারীতে স্কুলে আসার সময় ওয়াসার পানিভর্তি লরির চাপায় আবির হোসেন (১৫) মারা যায়। এ ঘটনায় আবিরের সহপাঠীরা বলধা গার্ডেনের সামনে রাস্তা অবরোধ এবং বিক্ষোভ করে।

সড়ক অবরোধের কারণে ওই এলাকায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। জনগণের ভোগান্তি নিরসনে ডিএমপির ওয়ারী জোনের পুলিশ কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নাশকতার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন হয়েছে। ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবিরের এবার এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কয়েক মাস আগে তার মা মারা যায়। আবিররা দুই ভাই ছিল।

বড় ভাই পানিতে ডুবে মারা গেছে। আবির তার বাবা আনিসুর রহমানের সঙ্গে জয়কালী মন্দির এলাকায় থাকত। ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহির হোসেন জানান, সকালে বলধা গার্ডেনের পাশে ওয়াসার গলিতে ঢাকা ওয়াসার পানির গাড়ির চাপায় ঘটনাস্থলেই মারা যায় আবির। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওয়াসার পানির গাড়িটি জব্দ ও এর চালককে আটক করা হয়েছে। আবিরের সহপাঠী রাসেল জানায়, আজ তাদের ফেয়ারওয়েল ছিল। অনুষ্ঠানে অংশ নিতে সকল বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে এসেছিল। স্কুলের সামনের সড়ক ওয়ারী স্ট্রিটে ওয়াসার গাড়ি আবিরকে চাপা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে ছিল। এ ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.