এইমাত্র পাওয়া

এনটিআরসিএ’র প্রতিষ্ঠান প্রধান নিয়োগ ভাইভা নিয়ে ধোঁয়াশা

ঢাকা: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষার ভাইভা শুরু নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের বিষয় সামনে আসায় আপাতত ভাইভা কার্যক্রম স্থগিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হাজারো প্রার্থীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এনটিআরসিএ শুরুতে আগামী ১০ মে থেকে ভাইভা গ্রহণের প্রস্তুতি নিয়েছিল। এ লক্ষ্যে ১৪টি বোর্ড গঠনের পরিকল্পনাও করা হয়।

প্রতিটি বোর্ডে দুই শিফটে ভাইভা নেওয়ার কথা ছিল। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রথম শিফট এবং দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময়সূচিও নির্ধারণ করা হয়েছিল।

প্রতিদিন প্রতিটি বোর্ডে প্রায় ৪০ জন করে প্রার্থীর ভাইভা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে শেষ মুহূর্তে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে তদন্তের বিষয় সামনে আসায় ভাইভা কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

এমনকি সংশ্লিষ্টদের মৌখিকভাবে আপাতত ভাইভা কার্যক্রম শুরু না করার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি এনটিআরসিএ। এ পরিস্থিতিতে ভাইভা কবে শুরু হবে, আদৌ নির্ধারিত সময়সূচি অনুযায়ী হবে কি না—তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রতিনিয়ত এনটিআরসিএ ও বিভিন্ন গণমাধ্যমে যোগাযোগ করে সম্ভাব্য সময়সূচি জানার চেষ্টা করছেন। জানা গেছে, ভাইভা কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী শুরু হলে পুরো প্রক্রিয়া শেষ করতে দেড় থেকে দুই মাস সময় লাগতে পারে। কারণ, দেশজুড়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল।

এর আগে গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টি শূন্যপদের বিপরীতে আবেদন আহ্বান করা হয়। পরে গত ১৮ এপ্রিল ঢাকার ৯টি ভেন্যুতে চারটি স্লটে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় আবেদন করেছিলেন ৫৩ হাজার ৬৯ জন প্রার্থী। তাদের মধ্যে অংশ নেন ৪৮ হাজার ১৪৬ জন। গত ২২ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করে এনটিআরসিএ।

এতে মোট ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর থেকেই ভাইভা শুরুর অপেক্ষায় রয়েছেন প্রার্থীরা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, প্রতিষ্ঠান প্রধান নিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তবে তদন্তের কারণে দীর্ঘসূত্রতা তৈরি হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কার্যক্রমেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দ্রুত অনিশ্চয়তা দূর করে স্পষ্ট সিদ্ধান্ত জানানোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.