টয়লেটে মোবাইল ফোনে প্রশ্ন সমাধান

নিজস্ব প্রতিবেদক।।

জামালপুরের বকশীগঞ্জে এসএসসি পরীক্ষা চলাকালীন টয়লেটে মোবাইল ফোনের মাধ্যমে প্রশ্নের সমাধান করার দায়ে জিসান রহমান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে। বহিষ্কৃত জিসান রহমান উপজেলার বকশীগঞ্জ নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব বিপ্লব কিশোর চক্রবর্তী তাকে বহিষ্কার করেন এবং বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

কেন্দ্র থেকে জানা গেছে, পরীক্ষা চলাকালীন ওই শিক্ষার্থী টয়লেটে গিয়ে মোবাইল ফোনের সহায়তায় প্রশ্নপত্রের সমাধান দেখছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে তার কাছে মোবাইল ফোন থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। পরে তাকে তল্লাশি করে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও অসদুপায় অবলম্বনের দায়ে ওই ছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রশ্ন ফাঁসের কোনো চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করতে তাকে পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত করা হচ্ছে।

ইউএনও মুরাদ হোসেন আরও বলেন, পরীক্ষা কেন্দ্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

শিক্ষাবার্তা /এ/ ২৯ /০৪/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.