এসএসসি পরীক্ষার্থী কমেছে ১০ হাজার

নিউজ ডেস্ক।। 

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার বোর্ডের অধীন পাঁচ জেলায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৪০ হাজার ৬৭৩ জন। ফলে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ১০ হাজার ৫ জন।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর ছাত্র কমেছে ৫ হাজার ৩২৭ জন এবং ছাত্রী কমেছে ৪ হাজার ৬৭৮ জন। এবার পরীক্ষায় অংশ নিচ্ছে ৫৬ হাজার ৩২৫ জন ছাত্র ও ৭৪ হাজার ৩৪৩ জন ছাত্রী। গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৬১ হাজার ৬৫২ জন ও ৭৯ হাজার ২১ জন।

আগামী ২১ এপ্রিল থেকে শুরু হবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। চট্টগ্রাম বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার মোট ১ হাজার ২১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। গত বছর শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ১৬৪টি, অর্থাৎ এ বছর ৫৪টি প্রতিষ্ঠান বেড়েছে।

তবে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা কিছুটা কমেছে। গত বছর পাঁচ জেলায় মোট কেন্দ্র ছিল ২১৯টি, যা এ বছর কমে দাঁড়িয়েছে ২১৮টিতে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় দুটি কেন্দ্র কমলেও বান্দরবান জেলায় একটি কেন্দ্র বেড়েছে।

জেলাভিত্তিক হিসেবে দেখা গেছে, সবচেয়ে বেশি পরীক্ষার্থী কমেছে চট্টগ্রাম জেলায়। এখানে গত বছরের তুলনায় ৬ হাজার ৭৯৯ জন কমে এবার অংশ নিচ্ছে ৯২ হাজার ২৯৬ জন শিক্ষার্থী। এ ছাড়া কক্সবাজারে ১৮ হাজার ৯১৪, রাঙামাটিতে ৭ হাজার ৪১৬, খাগড়াছড়িতে ৮ হাজার ৬৯ এবং বান্দরবানে ৩ হাজার ৯৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ৬৬টি সাধারণ ও ১০টি বিশেষ টিম রয়েছে। এখন পর্যন্ত কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তথ্য পাওয়া যায়নি। তবে দুর্গম এলাকার কেন্দ্রগুলোতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম চালানো হচ্ছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.