এইমাত্র পাওয়া

ছুটির রেশ কাটেনি, এখনো অলস ছন্দে রাজধানী

নিজস্ব প্রতিবেদক।।

ঈদ ও স্বাধীনতা দিবসের দীর্ঘ ছুটি শেষে মানুষ ধীরে ধীরে ঢাকায় ফিরতে শুরু করেছেন। এর ফলে রাজধানী আবারও স্বাভাবিক কর্মব্যস্ততার দিকে এগোচ্ছে। গত কয়েক দিনের তুলনায় রাস্তায় গাড়ির সংখ্যা কিছুটা বেড়েছে, তবে এখনো শহরের চেনা যানজট পুরোপুরি ফিরে আসেনি। গতকাল শনিবার সকাল ও দুপুরে রাজধানীর বিভিন্ন জায়গায় দেখা যায়, দিনের শুরুতে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক বেশি ছিল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই চাপ কমে আবারও ছুটির দিনের মতো স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসে।

সকালে শহরের গাবতলি, ফার্মগেট, মতিঝিল, উত্তরা, বিমানবন্দর ও খিলক্ষেত এলাকায় অফিসগামী মানুষের সংখ্যা চোখে পড়ার মতো দেখা যায়। এর ফলে ঢাকায় ফেরা যাত্রী এবং গণপরিবহনের সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে পড়ে। কয়েকটি স্থানে হালকা যানজটও দেখা যায়, অল্প দূরত্ব পাড়ি দিতেও স্বাভাবিকের তুলনায় বেশি সময় লেগেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ গাড়ির সারি না থাকলেও যানবাহনের চাপের কারণে চলাচলে কিছুটা ধীরগতি ছিল। কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন স্থান থেকে ট্রেনে আসা যাত্রীরা একসঙ্গে নামায় সেখানে সাময়িক ভিড়ের সৃষ্টি হয়। পরে তারা সিএনজি, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং সেবা ব্যবহার করে গন্তব্যের দিকে রওনা দিলে সড়কে যানবাহনের সংখ্যা আরও বেড়ে যায়। আবার একই চিত্র দেখা যায় বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকায়। যান চলাচল ধীরগতির হয়ে পড়ে।

অন্যদিকে দুপুরের পর রাজধানীর সড়ক পরিস্থিতিতে স্পষ্ট পরিবর্তন দেখা যায়। সকালের তুলনায় যানবাহনের চাপ কমে অধিকাংশ সড়কেই স্বাভাবিক গতিতে চলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও সড়ক বেশ ফাঁকাও ছিল। ফার্মগেট, নীলক্ষেত, শাহবাগ, উত্তরা, খিলক্ষেত ও বিমানবন্দরসহ বিভিন্ন এলাকায় দুপুরের পর উল্লেখযোগ্য কোনো যানজট চোখে পড়েনি।

এদিকে যান চলাচল স্বাভাবিক রাখতে সকাল থেকেই গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশ সদস্যদের সক্রিয়ভাবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। তারা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে যানবাহন নিয়ন্ত্রণ এবং সিগন্যাল ব্যবস্থাপনা পরিচালনা করেছেন। সকালে কিছু এলাকায় অতিরিক্ত চাপ সামলাতে তাদের বেশ ব্যস্ত থাকতে হলেও, সামগ্রিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটি শেষে একসঙ্গে বিপুলসংখ্যক মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় সাময়িকভাবে সড়কে চাপ বেড়েছে। তবে সবাই একই দিনে না ফিরে ধীরে ধীরে ফিরছেন, ফলে যানজট তীব্র আকার নেয়নি। তাদের মতে, আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে উঠবে এবং রাজধানী আবারও তার পরিচিত কর্মচাঞ্চল্যে ফিরে আসবে। অন্যদিকে, সরকারি ও বেসরকারি অফিস ইতিমধ্যে খুলে গেলেও রবিবার থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এতে করে রবিবার সকাল থেকেই সড়কে যানবাহনের চাপ এবং যানজটের সম্ভাবনাও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা যাচ্ছে।

শিক্ষাবার্তা /এ/২৯/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.