এইমাত্র পাওয়া

১০ শতাংশ উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন হতে পারে এ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক।।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়িয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব চলতি সপ্তাহেই অনুমোদন পেতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঈদুল ফিতরের আগেই প্রস্তাবটি অনুমোদনের জন্য উদ্যোগ নিয়েছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেটি বাস্তবায়ন না হলেও বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এদিকে, উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক তদারক করছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক অতিরিক্ত সচিবের নেতৃত্বাধীন টিম। গত বুধবার সাপ্তাহিক শেষ কর্মদিবসেও অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাবটির বিষয়ে পুনরায় অবহিত করা হয়েছে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনও অনুমোদন পায়নি। তবে চলতি সপ্তাহে অনুমোদনের লক্ষ্যে জোর তদবির চলছে। অর্থ মন্ত্রণালয় থেকে সম্মতি মিললেই দ্রুত পরিপত্র জারি করা হবে।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসবভাতা পাচ্ছেন। প্রস্তাবটি অনুমোদিত হলে তা বাড়িয়ে ৬০ শতাংশ করা হবে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় বাড়লেও সংশ্লিষ্টদের আর্থিক স্বস্তি বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে উৎসব ভাতা বাবদ সরকারের ব্যয় হচ্ছে ১ হাজার ৪২৮ কোটি ৯৪ লাখ টাকা। প্রস্তাবিত বৃদ্ধি কার্যকর হলে এ ব্যয় বেড়ে দাঁড়াবে ১ হাজার ৭১৪ কোটি ৫৩ লাখ টাকায়।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা ১০ শতাংশ বাড়াতে অতিরিক্ত প্রায় ১৯০ কোটি টাকা প্রয়োজন হবে। অন্যদিকে, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য দরকার হবে আরও ৯৫ কোটি ৭৮ লাখ টাকা। এ সংক্রান্ত সারসংক্ষেপ ইতোমধ্যে প্রস্তুত করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবটি দ্রুত অনুমোদন পেলে দেশের লাখো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী আর্থিকভাবে উপকৃত হবেন এবং তাদের মাঝে ইতিবাচক প্রভাব পড়বে।

শিক্ষাবার্তা /এ/২৯/০৩/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.