এইমাত্র পাওয়া

যত বেলা গড়াবে তত আমরা বিজয়ের দ্বারপ্রান্তে এগোতে থাকব: হাসনাত

নিজস্ব প্রতিবেদক।।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ নিজের ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, ‘যত বেলা গড়াবে, ততই বিজয়ের দ্বারপ্রান্তে এগিয়ে যাব আমরা।’ 

বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে হাসনাত আবদুল্লাহ বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রের খোঁজখবর নিচ্ছেন এবং এখন পর্যন্ত কোথাও টেকনিক্যাল কিংবা প্রক্রিয়াগত কোনো জটিলতার খবর তার কাছে আসেনি।

তিনি আরও বলেন, ‘মানুষ উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। ভোট শুরুর অনেক আগ থেকেই লাইনে দাঁড়িয়েছে। দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার কারণে মানুষের ভোট নিয়ে আগ্রহ দেখতে পাচ্ছি। বিশেষ করে আমাদের জেনারেশন জেড যারা আছে, এটা তাদের প্রথম ভোট। কারণ, তারা আগে ভোট দিতে পারেনি। আমার আসনের অন্তত ১ লাখ ৩০ হাজার ভোটারের প্রথম ভোট এই নির্বাচন।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা চাই নির্বাচন হোক শঙ্কামুক্ত ও উৎসবমুখর। ভোট ভয়ের বিষয় নয়, এটি মানুষের সাংবিধানিক অধিকার। জনগণ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। দেবীদ্বারের মানুষের প্রতি আমার আহ্বান, যাকে ইচ্ছা তাকেই ভোট দিন। ভোটের কারণে যেন কোনো ব্যক্তিগত সম্পর্ক নষ্ট না হয়, সেটাই প্রত্যাশা।’

শিক্ষাবার্তা /এ/১২/০২/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.