নিউজ ডেস্ক।।
প্রকাশকদের দাবি উপেক্ষা করে ২০ ফেব্রুয়ারিই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৬। তবে এক মাসের পরিবর্তে এবারের মেলা চলবে ২৫ দিন। এতে ১৫ মার্চ শেষ হবে ২৫ দিনব্যাপী এ বইমেলা। প্রতিদিন বেলা ২টায় শুরু হয়ে মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।
গতকাল বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বইমেলার সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।
সংবাদ সম্মেলনে মহাপরিচালক বলেন, ‘সরকারের ইচ্ছা অনুযায়ী আমরা মেলার তারিখ পিছিয়েছি। আর মেলার বড় একটি অংশ যেহেতু রমজানের মধ্যেই পড়ছে, তাই শুরু থেকেই সেই বাস্তবতা বিবেচনায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
মেলায় তারাবি নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে। পাশাপাশি ইফতারের জন্য পর্যাপ্ত ফুড স্টল ও বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ’
এবারের মেলায় অংশগ্রহণের জন্য গত বছর অংশ নেওয়া ৫২৭ প্রতিষ্ঠান এবং নতুন করে ৫৩ প্রতিষ্ঠান আবেদন করেছে। স্থানসংকুলানের সীমাবদ্ধতার কারণে গত বছরের ৫২৭ প্রতিষ্ঠানের সঙ্গে নতুন ২৪ প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দের জন্য নির্বাচন করা হয়েছে।
এ ছাড়া বর্ধিত আকারের স্টলের জন্য ৫৬ প্রতিষ্ঠান আবেদন করেছে। সরকারি-বেসরকারি শতাধিক প্রতিষ্ঠানও স্টল বরাদ্দ চেয়ে আবেদন করেছে।
প্রকাশকদের একাংশের মেলা পেছানোর দাবির বিষয়ে তিনি বলেন, ‘মেলা আয়োজনের কাজ ৬০ শতাংশের বেশি সম্পন্ন হওয়ার পর সময় পরিবর্তন বাস্তবসম্মত নয়। যাঁরা ভিন্নমত প্রকাশ করেছেন তাঁদের মধ্যে একাধিক ব্যক্তি মেলা কমিটির সদস্য। তাঁদের সঙ্গে বারবার আলোচনা হয়েছে।
প্রকাশকদের নির্বাচিত সংগঠন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) সঙ্গেও নিয়মিত বৈঠক হয়েছে।
প্রকাশকদের চারটি প্রধান দাবির মধ্যে মেলা পেছানো একটি দাবির অংশমাত্র। বই বিক্রি কমে যাওয়া, সরকারিভাবে বই কেনা বাড়ানো, লাইব্রেরিতে বই পৌঁছানো ও প্রকাশনার মানোন্নয়ন এসব দাবিকে বাংলা একাডেমি ন্যায্য বলেই মনে করে। ’ লিখিত বক্তব্যে সেলিম রেজা বলেন, ‘প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে। ’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল