এইমাত্র পাওয়া

সুন্দরগঞ্জে স্কুলে বিনামূল্যে সরকারি বই বিতরণে অর্থ নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।। 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় কেজি স্কুলগুলোতে বিনামূল্যে সরকারি বই বিতরনের বিপরীতে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট উপজেলা সহকারী শিক্ষা অফিসার ওউপজেলা শিক্ষা অফিসারের বিরদ্ধে।

জানা গেছে উপজেলায় ১৫ ইউনিয়ন ও ১ পৌর এলাকায় ২৫৯টি সপ্রাবির পাশাপাশি ১২৩টি কেজি স্কুল, ১১৭টি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৭টি নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় ও বিভিন্ন এনজিও পরিচালিত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থীদের তালিকা প্রদান করা হয় শ্রেণিভেদে ৮৫ হাজার ৩ শত ৮৯ জন।

অভিযোগ উঠেছে, তালিকা অনুযায়ী বিনামূল্যে সরকারি বই সরবরাহ করা হলেও কেজি স্কুলগুলোতে বই বিতরণের বিপরীতে স্কুল প্রতি ২ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মন ও উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।

নাম প্রকাশে অনিচ্ছুক পাঁচপীর, ধর্মপুর, চন্ডিপুর, শোভাগঞ্জ, কঞ্চিবাড়ী, ছাপড়হাটীসহ বেশকিছু স্থানে অবস্থিত কেজি স্কুল কর্তৃপক্ষ আক্ষেপ করে বলেন, ‘ওই কর্মকর্তাদ্বয়কে চাহিদা মত অর্থ দিতে অসম্মতি জানালে তারা বই দিতে অস্বীকৃতি জানান। তাই অর্থ প্রদান করেই বিনামূল্যে বিতরণকৃত সরকারি বই নিতে বাধ্য হয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুকুল চন্দ্র বর্মনের দৃষ্টি আর্কষন করা হলে তিনি বই বিতরণের বিপরীতে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

এদিকে উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদ কেজি স্কুলগুলোতে বই বিতরণের সময় অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কিছু সংখ্যক ভুইফোড় কেজি স্কুল রয়েছে যেখানে আমরা বই দেইনি। তারাই এমন অভিযোগ করতে পারে।’


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.