এইমাত্র পাওয়া

রিটার্ন জমার সময় আরো দুই মাস বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক।।

ব্যবসা-বাণিজ্য স্থবির, অনেক কারখানা বন্ধ, বাজারদর আকাশছোঁয়া—এসবের প্রভাব পড়েছে করদাতাদের ওপর। সঙ্গে চলতি করবর্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন)। অভ্যস্ত না হওয়ায় অনেক করদাতা এখনো রিটার্ন দাখিল করতে পারেননি। এই পরিস্থিতিতে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমার সময় আরো দুই মাস বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আবু নাছের মজুমদার (মেজবাহ) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরেন। তিনি জানান, ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্তমানে ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত। তবে চলমান রাজনৈতিক প্রতিকূলতা, আসন্ন জাতীয় নির্বাচন, আয়কর আইনের ব্যাপক সংশোধন, পরিপত্র জারিতে বিলম্ব, সার্ভার ও নেটওয়ার্ক সমস্যাসহ করদাতা ও আইনজীবীদের দক্ষতার ঘাটতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না।

চিঠিতে বলা হয়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব আয় বৃদ্ধি এবং করদাতাদের স্বার্থে জরিমানা ছাড়াই রিটার্ন দাখিলের জন্য সময় আরো দুই মাস বাড়ানো প্রয়োজন।

আইন অনুযায়ী, ৩০ নভেম্বর ছিল আয়কর রিটার্ন দাখিলের শেষ সময়। তবে ই-রিটার্নে প্রত্যাশিত সাড়া না পাওয়ায় সরকার দুই দফায় সময় বাড়িয়ে তা ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করে। এর আগে প্রথম দফায় সময় বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়েছিল। গত বছর ব্যক্তি-শ্রেণির করদাতাদের জন্য তিন দফায় সময় বাড়িয়ে রিটার্ন জমার শেষ দিন নির্ধারণ করা হয়েছিল ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

এনবিআর সূত্র জানায়, এখন পর্যন্ত ৩১ লাখ ৮৮ হাজার করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন নিয়েছেন ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা। তাঁদের মধ্যে তিন হাজার ৩০০ জন প্রবাসী করদাতাও রিটার্ন জমা দিয়েছেন। গত বছর রিটার্ন দাখিল করেছিলেন প্রায় ৪৫ লাখ করদাতা। চলতি বছরে এই সংখ্যা ৫০ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করেছিল এনবিআর।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের এক শীর্ষ কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, প্রথমবার ই-রিটার্ন বাধ্যতামূলক করায় অনেক করদাতা সমস্যায় পড়েছেন। এ কারণে সময় বাড়ানোর বিষয়টি যুক্তিসংগত বলে মনে করছে এনবিআর। সরকারের অনুমোদন পেলে এ বিষয়ে আদেশ জারি করা হতে পারে।

নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে জরিমানার পাশাপাশি বিনিয়োগে কর রেয়াত, কম হারে কর পরিশোধ এবং করমুক্ত আয়ের সুবিধা পাওয়া যায় না।

আয়কর আইনের ৩৩৪(ক) ধারায় এনবিআর সর্বোচ্চ এক মাস সময় বাড়াতে পারে। তবে একই আইনের ৩৩৪(খ) ধারায় মহামারি, দৈবদুর্বিপাক বা যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের অনুমোদন নিয়ে আরো সময় বাড়ানোর সুযোগ রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.