এইমাত্র পাওয়া

লৌহজং উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম। দীর্ঘদিনের নিষ্ঠা, শিক্ষার্থীবান্ধব কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মান অর্জন করেন।

মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম পিতা আব্দুর রহমান বেপারী ও মাতা মোমেলা বেগমের সন্তান। তাঁর বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহরি বেপারি বাড়ি গ্রামে।

তিনি শিক্ষকতায় যোগদান করেন ৭ মে ১৯৯৮ সালে। দীর্ঘ প্রায় তিন দশকের শিক্ষকতা জীবনে তিনি পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

শিক্ষকতা প্রসঙ্গে মোহাম্মদ নুরুল ইসলাম সিয়াম বলেন,“আমি শিক্ষকতার পেশাকে সেবা হিসেবে গ্রহণ করেছি। শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করা আমার প্রধান লক্ষ্য।”

শুধু শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নন তিনি। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে তিনি নিয়মিতভাবে বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলেন, শিক্ষার্থীদের উৎসাহ দেন এবং ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়মুখী করতে কাজ করে যাচ্ছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সক্রিয়ভাবে যুক্ত। বিশেষ করে সম্প্রতি শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া আদায়ে তিনি যে ভূমিকা রেখেছেন, তা সারা দেশের শিক্ষক সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

শিক্ষা উন্নয়ন প্রসঙ্গে তিনি আরও বলেন, “কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থায় কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসার জরুরি।”

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর মতো নিবেদিতপ্রাণ শিক্ষকদের হাত ধরেই শিক্ষার গুণগত মান আরও এগিয়ে যাবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.