ঢাকাঃ সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসংক্রান্ত জটিলতার অবসান ঘটেছে। ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারণে যে বাধা সৃষ্টি হয়েছিল, তা কাটাতে সংশোধিত অধ্যাদেশ জারি করেছে সরকার। এর ফলে যেসব সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আগে থেকেই ৩২ বছরের বেশি বয়সসীমা নির্ধারিত ছিল, সেসব ক্ষেত্রে আগের বিধানই কার্যকর থাকবে।
গত সোমবার ‘সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইন্যান্সিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেছেন। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৮ নভেম্বর সরকার সব স্তরের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে অধ্যাদেশ জারি করেন। তবে এতে মুক্তিযোদ্ধার সন্তান, চিকিৎসক, প্রতিবন্ধী ব্যক্তি এবং বিশেষায়িত পদের প্রার্থীদের জন্য বিদ্যমান বয়স সুবিধা বাতিল হয়ে যায়। বিশেষ করে কম্পিউটার ও প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন পদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নির্ধারিত উচ্চ বয়সসীমা অকার্যকর হয়ে পড়ে।
এ নিয়ে চাকরিপ্রার্থী ও বিভিন্ন দপ্তর-সংস্থা থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আপত্তি ও প্রস্তাব জমা পড়ে। এর পরিপ্রেক্ষিতেই সংশোধনী অধ্যাদেশ আনা হয়।
সংশোধিত অধ্যাদেশে ৩ (ক) নামে নতুন ধারা যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনও প্রতিষ্ঠানের নিজস্ব নিয়োগ বিধিমালা বা প্রবিধানমালায় যদি সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছরের বেশি নির্ধারিত থাকে, তাহলে সেই বয়সসীমাই বহাল থাকবে। অর্থাৎ, সাধারণভাবে ৩২ বছর কার্যকর হলেও বিশেষ বিধানযুক্ত পদগুলো এতে অন্তর্ভুক্ত হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘সরকারি অফিসের কম্পিউটার পারসোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুযায়ী একাধিক পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত নির্ধারিত রয়েছে। এর মধ্যে পরিচালক, মহাব্যবস্থাপক, উপপরিচালক, উপমহাব্যবস্থাপক, সিস্টেম ম্যানেজার, সিনিয়র সিস্টেম এনালিস্ট ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর মতো পদ রয়েছে।
এ ছাড়া সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার ও অপারেশন ম্যানেজারের জন্য বয়সসীমা ৪০ বছর এবং সহকারী সিস্টেম এনালিস্ট, প্রোগ্রামার, কম্পিউটার সুপারভাইজার ও রক্ষণাবেক্ষণ প্রকৌশলীর জন্য ৩৫ বছর নির্ধারিত আছে।
সংশোধনী অধ্যাদেশ কার্যকর হওয়ায় এসব পদে বয়সসীমার পূর্বের সুবিধা আবারও কার্যকর হলো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
