রংপুরঃ মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়।
সকালে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কলেজের সহকারী অধ্যক্ষ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ ও চেতনার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
পরে নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন শর্ট ফিল্ম প্রদর্শন করা হয়। এ ছাড়া দিবসটি উপলক্ষে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে শিক্ষার্থী ও শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানবিক এই উদ্যোগে অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে মহান বিজয় দিবসের কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৬/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
