ঢাকাঃ সম্পূরক বৃত্তি সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো ভিসি ভবন ঘেরাও করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় তারা ভিসি ভবনে তালা মেরে অবস্থান কর্মসূচি পালন করে।
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল নয়টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মেধাবী’ প্রকল্পের আওতাধীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের তিন দফা দাবি হচ্ছে :
১.আস সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত ‘মেধাবী প্রজেক্ট’–এ অবস্থানরত শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার্থীর ন্যায় আবাসন বৃত্তি নীতিমালায় অন্তর্ভুক্ত করা।
২. আবাসন বৃত্তিকে ‘মেধাভিত্তিক’ না করে ‘প্রয়োজনভিত্তিক’ রাখার লক্ষ্যে সিলেকশন মানদণ্ডে আরোপিত ৭০% উপস্থিতি ও সিজিপিএ-নির্ভর শর্ত বাতিল করা।
৩. রি-অ্যাডমিশন সংক্রান্ত শর্ত সম্পূর্ণরূপে বাতিল করা।
এ বিষয়ে জানতে চাওয়া হলে আস সুন্নাহ হলে থাকা বাংলা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিক ইসলাম দৈনিক জনকণ্ঠকে বলেন, আস সুন্নাহ হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওতাধীন কোনো হল না। এখানের নিয়ম কানুন বিশ্ববিদ্যালয়ের হলের মতো না। যেহেতু এটা বিশ্ববিদ্যালয়ের হল না, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীরা যেসকল সুবিধা পাবে আমাদের ও সে সকল সুবিধা দিতে হবে। সম্পূরক বৃত্তি সহ তিন দফা দাবি মেনে নিতে হবে। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় আমরা আমরণ অনশন কর্মসূচির দিকে যাবো।
ইতিহাস বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোস্তফা শরীয়তউল্ল্যাহ দৈনিক জনকণ্ঠকে বলেন, আমাদের তিন দফা দাবি যৌক্তিক দাবি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হবে আমরা ততক্ষণ পর্যন্ত ভিসি ভবন অবরুদ্ধ করে রাখবো। লিখিত দাবি না আদায় হওয়া পর্যন্ত কোনো প্রশাসনিক কর্মকর্তা ভিসি ভবন থেকে বের হতে পারবে না।
উল্লেখ্য, তিন দফা দাবিতে এর আগে গত বুধবার(১০ ডিসেম্বর) ভিসি ভবন ঘেরাও এবং বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সংবাদ সম্মেলন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত আস সুন্নাহ এর ‘মেধাবী ‘ প্রকল্পের আওতাধীন আস সুন্নাহ হলের শিক্ষার্থীরা।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
