ঢাকাঃ ভর্তি জালিয়াতির ঘটনায় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) ৮০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করেছেন আদালত। একই সঙ্গে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ছয় হাজার ২৫৭ শিক্ষার্থীর দীর্ঘদিনের নিবন্ধন জটিলতার অবসান হয়েছে। বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদের একাধিক কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৬ নভেম্বর অনুষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনটি বেসরকারি প্রতিষ্ঠান ট্রমা ম্যাটস, শ্যামলী ম্যাটস ও ট্রমা আইএমটির ভর্তি জালিয়াতি-সংক্রান্ত একটি রিটের কারণে গত পাঁচ মাস ধরে সারাদেশের শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম স্থগিত ছিল। গত ২৫ নভেম্বর হাইকোর্ট রিটটি খারিজ করে দিলে নিবন্ধনের আইনি বাধা কেটে যায়।
অনুষদের কর্মকর্তারা জানান, ভর্তি পরীক্ষার বাইরে অবৈধভাবে ভর্তি হওয়া কয়েক শিক্ষার্থী রেজিস্ট্রেশনের দাবিতে গত মার্চে আদালতে রিট করেছিলেন। আদালত সেই রিট খারিজ করায় তাদের ভর্তি অবৈধ বলে বিবেচিত হয়। ফলে সংশ্লিষ্ট ৮০ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিলের সুপারিশ করা হয়েছে। এসব শিক্ষার্থী ক্ষতিপূরণ চাইলে আদালত দিতে বাধ্য থাকবেন।
এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য খাতে এ ধরনের জালিয়াতি শুধু শিক্ষা ব্যবস্থার মান নষ্ট করছে না, বরং ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থাকে ভয়াবহ ঝুঁকির মুখে ফেলছে। এতে সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা হুমকির মধ্যে পড়বে।’ তিনি দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৫/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
