ঢাবির সাত কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ক্লাস মঙ্গলবার (২১ জানুয়ারি) থেকে শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-২) মুন্সি শামস উদ্দিন আহম্মদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও বাণিজ্য ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস আগামী ২১ জানুয়ারি এবং কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের ক্লাস ২৭ জানুয়ারি থেকে শুরু হবে। এ বছর সাত কলেজে মোট ২১ হাজার ২৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকা কলেজের ১৯টি বিভাগে তিন হাজার ৫১৫ জন, ইডেন মহিলা কলেজের ২২টি বিভাগে চার হাজারে ৬৮৫ জন, সরকারি তিতুমীর কলেজের ২২টি বিভাগে পাঁচ হাজার ৬৮০ জন, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ২০টি বিভাগে এক হাজার ৩৯৫ জন, সরকারি বাঙলা কলেজের ১৮টি বিভাগে দুই হাজার ৩৬০ জন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ১৭টি বিভাগে এক হাজার ৫৭০ জন এবং কবি নজরুল সরকারি কলেজের ১৭টি বিভাগে এক হাজার ৮২০ জন। উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকাকালীন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বিবেচনায় সাত কলেজের ভর্তি কার্যক্রম পরিচালিত হতো।

২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি হওয়ার পরের বছর থেকেই ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালু হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.