এইমাত্র পাওয়া

নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি

ঢাকাঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে অন্তত এক মাস ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে আয়োজিত ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব।

বক্তব্যে বলা হয়, নির্বাচন সংক্রান্ত অতীত অভিজ্ঞতা সংখ্যালঘুদের জন্য উদ্বেগজনক। সামাজিক যোগাযোগমাধ্যম, সভা-সমাবেশ ও ধর্মীয় সমাবেশে বিদ্বেষমূলক বক্তব্য সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তাহীনতার সৃষ্টি করে।

সভায় ৯ দফা দাবি উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য- সব নির্বাচনে ধর্ম ব্যবহার নিষিদ্ধ করা; জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা; নির্বাচন পূর্ব ও পরে অন্তত এক মাস সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা ও বিশেষায়িত বাহিনী মোতায়েন করা; ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা, লুটপাট ও চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।

সভায় উপস্থিত ছিলেন- কলামিস্ট ফরহাদ মজহার, লেখক মহিউদ্দিন আহমদ, সাংবাদিক সোহরাব হাসান, হাসান হাফিজ, এম এ আজিজ, গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৬/১২/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading