মাদারীপুর: মাদারীপুরে কলেজ ক্যাম্পাসে ঢুকে এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ফের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। প্রশাসনের আশ্বাস পাওয়ার পর ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে দুই ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেন তারা। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর-শরিয়তপুর-চাঁদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও এলাকাবাসী।
জানা যায়, গত ৩০ নভেম্বর বিকেলে কয়েকজন বখাটে মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে মাদক সেবন করে। এ সময় রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটসহ কয়েকজন শিক্ষার্থী এর প্রতিবাদ জানান। এতে তাদের সঙ্গে বখাটেদের বাকবিতণ্ডা হয়। ঘটনার জেরে বুধবার বিকেলে কলেজ মাঠে সম্রাটকে একা পেয়ে মারধর করে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন।
এ খবর ছড়িয়ে পড়লে হামলাকারীদের গ্রেপ্তার, কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ বন্ধ, সীমানা নির্ধারণ করে পকেট গেটসহ তিন দফা দাবিতে বুধবার রাতেই শিক্ষার্থীরা মহাসড়কের দুপাশে অবরোধ করে স্লোগান দেন। একপর্যায়ে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। মাদারীপুর সরকারি কলেজের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ করা হলে সহস্রাধিক শিক্ষার্থী তাতে অংশ নেন।
খবর পেয়ে কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। পরে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এর মধ্যে দাবিগুলো মেনে না নেয়া হলে আবারও আন্দোলন শুরু হবে। কলেজ ক্যাম্পাসে কোনো ধরনের মাদক সেবন চলবে না। বহিরাগতদের প্রবেশ স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে, যাতে শিক্ষাঙ্গণের পরিবেশ ঠিক থাকে।
এ বিষয়ে মাদারীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান জানান, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। দাবিগুলো মেনে নেয়া হলে কলেজে বহিরাগতদের আড্ডা কমে যাবে। প্রশাসন থেকে আশ্বাস দেয়া হয়েছে, তাই শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় দোষীদের ধরতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে। কলেজের ভেতর পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/১২/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
