অনলাইন ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অভিষেক সমাবর্তন হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি (সোমবার)। সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ফল অর্জনকারী স্নাতক ও স্নাতকোত্তরের মোট ১৩ জন শিক্ষার্থী পেতে যাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় আচার্য মো. আবদুল হামিদ তাদের হাতে পদক তুলে দেবেন।
রাষ্ট্রপতি স্বর্ণপদকের জন্য যারা মনোনীত হয়েছেন, তারা হলেন মো. মাসুদ রানা (অর্থনীতি), খাদিজা বেগম (গণিত), পারভিন আক্তার (গণিত), আমেনা বেগম (আইসিটি), সানজিদা হক (পদার্থবিজ্ঞান), মাহিনুর আক্তার (গণিত), মোসা. নয়ন তারা (অর্থনীতি), নাসরিন আক্তার ঝুমুর (মার্কেটিং), রাবেয়া জামান (এআইএস), মোহাম্মদ রফিকুল ইসলাম (ব্যবস্থাপনা শিক্ষা), মোহাম্মদ কামরুল হাসান (আইসিটি), উম্মুল খায়ের সুমি (পরিসংখ্যান) ও রিপা আক্তার (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং)। তাদের মধ্যে আইসিটি বিভাগের আমেনা বেগম স্নাতক ও স্নাতকোত্তরে দুবারই স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া সমাবর্তনে অনুষদ ভেদে শ্রেষ্ঠ ফলাফলের জন্য থাকছে ডিনস পদক।
বিশ্ববিদ্যালয়ের মোট ৫টি অনুষদ তথা বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, সামাজিক বিজ্ঞান, কলা ও মানবিক এবং প্রকৌশল অনুষদের সর্বমোট ৫২ জন শিক্ষার্থীকে ডিনস পদক দেয়া হবে। এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘রাষ্ট্রপতির হাত থেকে শিক্ষার্থীরা স্বর্ণপদক গ্রহণ করবে, এটি হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি অনেক বড় প্রাপ্তির জায়গা।
আমরা চাই আমাদের শিক্ষার্থীরা শিক্ষাজীবন শেষ করে সর্বোচ্চ সাফল্যের জায়গায় থাকুক।’ ২০০৬ সালে প্রতিষ্ঠিত পূর্বাঞ্চলের শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠে প্রথমবারের মতো সমাবর্তন আয়োজিত হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি (সোমবার) বেলা ৩টায়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তন অনুষ্ঠানের প্রস্তুতি নেয়া হচ্ছে। এতে অংশ নেয়ার জন্য ২ হাজার ৮৮৭ জন নিবন্ধন করেছেন। এতে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (আচার্য) মো. আব্দুল হামিদ উপস্থিত থাকবেন।
সমাবর্তনের সাংস্কৃতিক পর্যায়ে মঞ্চ মাতাবেন দেশের সুখ্যাত গায়ক জেমস ও তার ব্যান্ডদল ‘নগর বাউল’।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
