এইমাত্র পাওয়া

ফুল সজ্জিত ছাদ খোলা গাড়িতে দুই শিক্ষকের রাজকীয় বিদায়

ময়মনসিংহঃ ময়মনসিংহের নান্দাইলে ফুল সজ্জিত ছাদ খোলা গাড়িতে দুই শিক্ষককে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর উপস্থিতিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাঁদের বিদায় জানানো হয়। পরে ফুল সজ্জিত গাড়িতে সামনে পেছনে মটরসাইকেলের শোডাউন দিয়ে প্রিয় শিক্ষকদের বাড়ি পৌঁছে দেওয়া হয়। এসময় গাড়ির দুই পাশে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিবাদন জানান শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, সংবর্ধনা অনুষ্ঠানে প্রথমে পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষককের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়। তাদের হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেস্ট ও বিভিন্ন ধরনের উপহার। শিক্ষার্থীরা বিদায়ী গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন। শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে ফুল দিয়ে সাজানো গাড়িতে উঠিয়ে মটরসাইকেল শোডাউন করে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রবিউল ইসলাম রবিনের সভাপতিত্বে এবং প্রাক্তন শিক্ষার্থী শফিকুল ইসলাম খান রিপন ও তানিম আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান আহমেদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম দাদন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি রমজান উদ্দিন ভুইয়া, সুলতান উদ্দিন পাঠান প্রমূখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহিদুল আলম দাদন বলেন, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান স্যার ৩৭ বছর এবং সহকারী শিক্ষক হামিদুর রহমান খান স্যার ৩০ বছর এই বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। আজ দুই গুণী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের ইতি টেনে অবসরে গেছেন। তাই প্রিয় শিক্ষকদের বিদায় জানাতে শিক্ষার্থীরা এসব আয়োজন করেছে। সভাপতি রবিউল ইসলাম রবিন বলেন, যেকোনো বিদায় বেদনার, কষ্টের। শাজাহান স্যার এবং হামিদুর রহমান খান স্যারের মতো শিক্ষক এদেশের সম্পদ,

তারাই সোনার মানুষ গড়ার কারিগর। তার অনুপস্থিতিতে এ বিদ্যালয় শূন্যতা অনুভব করবে।
বিদায়ি শিক্ষকগণ দীর্ঘদিনের সহকর্মী ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে এমন সম্মান পেয়ে গর্ববোধ করে প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading