নিউজ ডেস্ক।।
পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জন্য সাপ্তাহিক স্কুল চালু করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ‘সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয়’ নামে এ স্কুলের উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসব সুবিধাবঞ্চিত পথশিশুরা থাকে, তাদের প্রাথমিক শিক্ষা ও মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহে প্রতি শনি ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে।
এ জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থায়ী শিক্ষক হিসেবে রাখা হয়েছে। এদিন নতুন বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা।
পার্কে থাকা ১৪ বছর বয়সী সিহাব জানায়, ‘আমরা যারা এখানে থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই।’ ১৩ বছর বয়সী আরেক কিশোর সুমন জানায়, ‘বই পেয়ে খুব ভালো লাগছে। এখন থেকে নিয়মিত পড়বো।
তারেক রহমানকে ধন্যবাদ, তিনি আমাদের সুযোগ করে দিয়েছেন। দেশের জন্য আরও এমন কাজ করবেন।’ শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী লিখন ইসলাম বলেন, ‘কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।’
স্কুলটির উদ্যোক্তা কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, ‘দেশনেতা তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আমরা শিক্ষালয়টি শুরু করেছি। যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পথশিশুদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে। ভবিষ্যতে যদি এখান থেকে ভালো প্রতিক্রিয়া পাই, স্থায়ী অবকাঠামোর কথাও ভাববো।’
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
