রাঙামাটিঃ চাকরিপ্রত্যাশীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে চলতি বছরের ২১ নভেম্বর রাঙামাটি জেলা পরিষদের অধীন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এমন তথ্য জানান জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবীদ কাজল তালুকদার।
পরীক্ষার তারিখ ঘোষণা হওয়ার পর থেকে আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা উল্লাসে মেতে ওঠেন। তাদের এখন একটাই দাবি বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, যোগ্য এবং মেধাবীরা যেন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জাতি গড়ার কারিগর শিক্ষক পেশায় নিয়োগ পান।
সহকারী শিক্ষক চাকরিপ্রত্যাশী কমলেন্দু চাকমা বলেন, আমাদের প্রতিনিধি দলের সঙ্গে জেলা পরিষদের চেয়ারম্যানের সাক্ষাৎ হয়েছে। পরীক্ষার তারিখ ঘোষণা করায় আমরা এখন আনন্দিত। সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হোক এটাই দাবি।
সহকারী শিক্ষক চাকরিপ্রত্যাশী আলপনা আক্তার বলেন, আমরা আশাবাদী চেয়ারম্যান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে আমাদের নিশ্চয়তা দিয়েছেন।
এর আগে রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশেষ কয়েকটি মহলের চাপে গত ১১ নভেম্বর নির্ধারিত তারিখের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছিল জেলা পরিষদ। এ সংবাদ পাওয়ার পর বুধবার (১২নভেম্বর) সকাল ৯টা থেকে চাকরিপ্রত্যাশীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ সভা এবং রাঙামাটি জেলা পরিষদের প্রধান ফটকে তালা দিয়ে অবরুদ্ধ করে রাখে।
এসময় আন্দোলনরত চাকরিপ্রত্যাশীরা সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত প্রত্যাহার এবং পূর্ব নির্ধারিত ১৪ নভেম্বর পরীক্ষা নেওয়ার দাবিতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করে। তবে সেই সময় চেয়ারম্যান না থাকায় জেলা পরিষদের সদস্য মীনহাজ মুরশিদের কাছে স্মারকলিপিটি প্রদান করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওইদিন জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ বলেন, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা দেশের বাইরে রয়েছেন। জেলা পরিষদের চেয়ারম্যানও জেলার বাইরে। এছাড়াও শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা করার জন্য যথেষ্ট জনবল দরকার। অনেক শিক্ষক বাইরে আন্দোলনরত থাকায় এ নিয়োগ পরীক্ষা পরিচালনা করা সম্ভব নয়। মুখ্য নির্বাহী কর্মকর্তা এলে আমরা অতি শিগগরই একটি ব্যবস্থা গ্রহণ করবো। আন্দোলনত চাকরিপ্রত্যাশী প্রার্থীরা বুধবার পুরো দিন জেলা পরিষদে অবস্থান করেছিল।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৩/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
