এইমাত্র পাওয়া

দুই উপদেষ্টার পদত্যাগ দাবি প্রাথমিক শিক্ষকদের

ঢাকাঃ দশম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমে পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা রোববার (৯ নভেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন। একইসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের দ্বিতীয় দিন এবং কর্মবিরতির প্রথম দিন শিক্ষকদের পক্ষ থেকে এই দাবি করা হয়। আন্দোলনকারী শিক্ষকদের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।

সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো- ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি।

তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। আজ থেকে এই কর্মবিরতির পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৮ নভেম্বর থেকে শহীদ মিনারে অবস্থানের পর বিকেলে শাহবাগে এলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে পড়েন শিক্ষকরা। একাধিক শিক্ষক আহত হয়েছেন। এসময় বেশ কয়েকজন শিক্ষক আটক হন।

শাহবাগ থানায় গ্রেপ্তারদের মুক্তি ও আহতদের সুচিকিৎসা এবং পুলিশি হামলার প্রতিবাদে রাত ১২টা ১টা মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। শহীদ মিনারে খোলা আকাশের নিচে রাত কাটান বেশ কিছুসংখ্যক শিক্ষক। সকাল থেকে তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading