এইমাত্র পাওয়া

প্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান অধ্যক্ষ আজিজীর

ঢাকাঃ আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

আজ রোববার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক বার্তায় তিনি এই আহ্বান জানান।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘অবিলম্বে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিন। শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরানোর দায়িত্ব সরকারকেই নিতে হবে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যেকোনো সেকশনের মজলুম শিক্ষকদের পাশে দাঁড়াতে অঙ্গীকারাবদ্ধ।’

জোট বিশ্বাস করে, জাতি গড়ার কারিগর শিক্ষকদের কোনো শ্রেণি বিভাজন হতে পারে না উল্লেখ করে তিনি বলেন, ‘যে পর্যায়ের শিক্ষকই হোক না কেন, তার পরিচয় সে শিক্ষক। দ্রুত এই মজলুম শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে তাদেরকে শ্রেণিকক্ষে পাঠানোর ব্যবস্থা করা না হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ৬ লক্ষাধিক শিক্ষক-কর্মচারী সঙ্গে নিয়ে এই মজলুম শিক্ষকের পাশে দাঁড়াবে।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৯/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.