এইমাত্র পাওয়া

তিন দফা দাবিতে রুয়েট শিক্ষার্থীদের আবারও বিক্ষোভ, হুঁশিয়ারি

রাজশাহীঃ প্রকৌশলীদের পেশাগত মর্যাদা ও অধিকারসংক্রান্ত তিন দফা দাবি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো সিদ্ধান্ত না আসায় আবারও আন্দোলনে নেমেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর আজ শনিবার তাঁরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করেন। পরে রুয়েট থেকে বের হয়ে তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন।

বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের তালাইমারী মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সমাবেশ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে কর্মসূচি শেষ হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, তাঁদের ন্যায্য অধিকারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চললেও সরকার বারবার আশ্বাস দিয়েও কোনো সমাধান দেয়নি। এর আগে রাজধানীমুখী লংমার্চে পুলিশি বাধার মুখেও তাঁরা আন্দোলন চালিয়ে গেছেন। তখন চাপের মুখে সরকার একটি ওয়ার্কিং কমিটি গঠন করে এক মাসের মধ্যে সুপারিশ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়। কিন্তু পরে ডিপ্লোমা প্রকৌশলীদের দাবির মুখে নতুন করে ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের দাবি, জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ করছে। আগের কমিটির সুপারিশ ৭ নভেম্বরের মধ্যে প্রকাশের সময়সীমা দেওয়া হলেও সরকার তাতে কর্ণপাত করেনি।

সমাবেশে পুরকৌশল বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিহাব হোসেন বলেন, ‘প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি নিয়ে সরকার টালবাহানা করছে। পেশাগত মর্যাদা রক্ষা এবং অযৌক্তিক বৈষম্য দূর করতে প্রণীত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে ভবিষ্যতে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে।’

সমাবেশ শেষে শিক্ষার্থীরা তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে নিয়োগ সরাসরি পরীক্ষার মাধ্যমে হতে হবে, কোনো প্রমোশন কোটা থাকবে না। উপসহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে শতভাগ ডিপ্লোমা কোটা পরিহার করে বিএসসি ডিগ্রিধারীদের জন্য উন্মুক্ত করতে হবে। বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পরিচয় ব্যবহার করতে পারবে না।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৮/১১/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading