এইমাত্র পাওয়া

মানিকগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন শান্ত, আনন্দ উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ক্লিন ইমেজের অধিকারি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শান্তকে বিএনপির মনোনয়ন দেওয়ায় স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

মুহূর্তের মধ্যে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভাইরাল হয়। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত’র পিতা সাবেক শিল্পমন্ত্রী প্রয়াত সামসুল ইসলাম খাঁন নয়া মিয়া।

তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা ৪ বার এমপি ছিলেন। তার মৃত্যুর পর ২০০৬ সালের উপ-নির্বাচনে তার ছেলে ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খাঁন শান্ত প্রথমবারের মতো এমপি হয়েছিলেন।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খাঁন শান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান দেখানো হয়েছে। সিংগাইর, হরিরামপুর তথা দক্ষিণ মানিকগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে এই আসনটি উপহার দেব ইনশাআল্লাহ।

 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.