মাগুরাঃ ‘ক্যাম্পাসে রাজনীতি চলবে না, আমরা ভোটার না কি ভোট চাওয়ার দরকারটা কি’ এমন শ্লোগানে প্রতিবাদ জানিয়েছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের অ্যাসেম্বলিতে জামায়াতে ইসলামী মনোনীত দুইজন প্রার্থীর নির্বাচনী প্রচারণা চালানোর প্রতিবাদে সোমবার (০৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, গত ২৭ অক্টোবর ১২টা ১৫ মিনিটের দিকে বিদ্যালয়ের অ্যসেম্বলিতে হাজির হন জামায়াতে ইসলামী মনোনীত দুই প্রার্থী মাগুরা-১ আসনের আব্দুল মতিন ও মাগুরা-২ আসনের প্রার্থী অধ্যাপক বি এম বাকের।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম তাদের অ্যাসেম্বলিতে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পাশাপাশি তাদের বক্তব্য রাখার সুযোগ করে দেন। এরপর প্রার্থীরা নিজ নিজ আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন বলে শিক্ষার্থীদের অভিযোগ।
শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের মধ্যে এভাবে দলীয় প্রার্থীকে নিয়ে ভোট চাওয়ানোর ঘটনা প্রতিষ্ঠানকে রাজনীতিকরণের অপচেষ্টা। অথচ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক ও কর্মচারী। যাদের নিরপেক্ষ অবস্থানে থাকার কথা।
এ ছাড়া, স্কুল আর কলেজের মধ্যে বিস্তর ফারাক। সামনে বার্ষিক পরীক্ষা। এভাবে শিশুদের পড়ালেখার পরিবর্তে নির্বাচনের কথা মাথায় ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে পড়ালেখার ক্ষতি করা হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।
তাদের অভিযোগ কঠোর রোদের মধ্যে দাঁড় করিয়ে শিক্ষার্থীদের রাজনীতির কথা শোনানো হয়েছে, দল ও দলীয় প্রতীক চেনানোর চেষ্টা করা হয়েছে।
একইসাথে অবস্থান গ্রহণকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আরও অনিয়মের অভিযোগ উত্থাপন করে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা জেলা প্রশাসক অহিদুল ইসলামের কাছে একটি স্মারকলিপিও প্রদান করে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম জানান, হঠাৎ করে অ্যাসেম্বলিতে জামায়াত নেতাদের ভোট চাওয়া অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৩/১১/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
