ঢাকাঃ বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকেরা।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি শুরু করেন শিক্ষকেরা।
প্রেসক্লাবের সামনে বেশকিছু প্ল্যাকার্ড প্রদর্শন করছেন শিক্ষকেরা। সেগুলোতে লেখা আছে ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ী শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘দান অনুদান নয়, সাংবিধানিক অধিকার’, ‘স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ চাই’।
শিক্ষকরা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানালেও এখন পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে শিক্ষকরা চরম অনিশ্চয়তা ও অর্থকষ্টে দিন কাটাচ্ছেন।
শিক্ষক নেতারা বলেন, দেশের হাজারো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় কর্মরত শিক্ষকরা মাসের পর মাস বিনা বেতনে কাজ করছেন। অধিকাংশ প্রতিষ্ঠান থেকে তারা সামান্য সম্মানী পেলেও তা দিয়ে সংসার চালানো সম্ভব হচ্ছে না। শিক্ষার মান উন্নয়ন ও প্রাথমিক পর্যায়ে ইসলামী শিক্ষা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সরকারের অবহেলায় এই শিক্ষকরা বারবার বঞ্চিত হচ্ছেন।
তারা বলেন, আমরা বারবার আশ্বাস পেয়েছি, কিন্তু বাস্তবে কোনো পদক্ষেপ নেই। এবারও যদি জাতীয়করণের ঘোষণা না আসে, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের পর অনশন শুরু করব।
শিক্ষকরা দাবি জানান, জাতীয়করণের পাশাপাশি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার কাঠামো ও প্রশাসনিক স্বীকৃতি দ্রুত নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষকরা ন্যায্য সুযোগ-সুবিধা পান এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থার সঙ্গে সমন্বয় ঘটানো যায়। সরকার তাদের দীর্ঘদিনের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর সিদ্ধান্ত নেবে, অন্যথায় তারা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৩/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
