ঢাকাঃ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ বৃদ্ধির বিষয়ে সরকারের স ম্মতির পর আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রজ্ঞাপন হাতে নিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি বলেন, ‘আন্দোলন প্রত্যাহার করে নেয়া হলো। আমরা আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।’
টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্র জানায়, চলমান অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া পাবেন। বাকি সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে শিগগিরই।
২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এ নিয়ে টানা ১০ দিন আন্দোলন করছেন তারা। সেখানে গিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাড়া ২০ শতাংশ বৃদ্ধির দাবিতে সোমবার থেকে আমরণ অনশন করে আসছিলেন। একই সঙ্গে দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে দুই দিনের আলটিমেটাম দেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুর ১২টায় মুখে কালো কাপড় বেঁধে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে অবস্থান কর্মসূচি ছিল তাঁদের।
এর আগে সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনরত শিক্ষকরা আমরণ অনশনে যান। বেলা সাড়ে ১১টায় শিক্ষকদের কর্মসূচিতে গিয়ে একাত্মতা ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী। সরকারের বাড়ি ভাড়া ভাতা মাত্র ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত বিষয়ে তিনি বলেন, আমি সরকারের কাছে অনুরোধ করব, ৫ শতাংশ যথেষ্ট নয়। শিক্ষকদের জন্য বিশেষ বিবেচনা করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে জাতীয়করণ করা হবে। এই প্রতিশ্রুতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বলে জানান এ্যানী।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
