ঢাকাঃ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডক্টর মো. শামছুল আলম বলেছেন, বিগত সরকার দায়িত্ব ছাড়ার এক বছরের মধ্যেই আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ঘুরে দাঁড়িয়েছে। এমনকি মাদ্রাসায় এক বছরের মধ্যে শিক্ষার্থী ভর্তির সংখ্যা অনেক বেড়ে গেছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা শিক্ষার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ডক্টর মো. শামছুল আলম বলেন, সবকিছুর মধ্যে একটা পরিবর্তন দেখা দিয়েছে। আগে মাদ্রাসার পাশাপাশি যারা কলেজে পড়তো তারা অনেকেই কলেজে পড়া ছেড়ে দিয়েছে। কারণ একটাই আমরা সার্টিফিকেট দিয়েছি।
তিনি শিক্ষার্থীদের বলেন, এ জাতির জন্য আমাদের আলিয়া মাদ্রাসার সাবেক ছাত্রদের বিশাল অবদান আছে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক। তার কারণ অনেক রক্তের বিনিময়ে আপনারা এখানে এসেছেন এবং গত আন্দোলনে আলিয়া মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়ে যেভাবে অবদান রেখেছে তা জাতি কখনোই ভুলবে না।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, মাদ্রাসা শিক্ষাব্যবস্থা হলো অক্সিজেন আর অন্য শিক্ষা ব্যবস্থা হলো কার্বন ডাইঅক্সাইড। তবে শুধুমাত্র দ্বীন–ই শিক্ষা নিয়ে থাকলেও চলবে না বরং দুইটার সমন্বিত যে শিক্ষা সেদিকে বিশেষ নজর রাখতে হবে। এতে দুনিয়া ও আখিরাত দুটোতেই কাজে আসবে।
প্রধান আলোচকের বক্তব্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক বলেন, আলিয়া মাদ্রাসা শিক্ষার একটি ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকার এ শিক্ষাব্যবস্থা ও ক্যারিকুলামকে ধ্বংস করে দিয়েছিল। আজ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ঘুরে দাঁড়াতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইয়ুম আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠার প্রেক্ষাপট সম্পর্কে বলেন, ভারতবর্ষ এই ভূ-খণ্ডে আমাদের উপর তাদের উপনিবেশিক শাসন ব্যবস্থা জারি করেছিলেন। আমাদের এই ভূ-খণ্ডে শিক্ষা ব্যবস্থা ভারতীয় প্রেসক্রিপশন দ্বারা পরিচালিত হয়ে আসছে। আমাদেরকে এর থেকে বের হয়ে আসতে হবে।
তিনি বলেন, আলিয়া মাদ্রাসার শিক্ষকদের গুরুত্বের সঙ্গে ছাত্রদেরকে পড়াশোনায় মনোযোগী করতে হবে। একজন আলিয়া মাদ্রাসার ছাত্রকে সব বিষয়ের উপরে সম্মুখ জ্ঞান রাখতে হবে।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০১/১০/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
