শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুবির ৯ বিভাগের ১৮ পরীক্ষা স্থগিত

কুমিল্লাঃ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নয়টি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ১৮টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা উৎসবমুখর পরিবেশে এবং যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের উদ্দেশ্যে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের পরীক্ষা না রাখার নির্দেশনা দেওয়া হয়।

সেই নির্দেশনা মোতাবেক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান, রসায়ন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), পদার্থ বিজ্ঞান, ফার্মেসি, মার্কেটিং, গণিত, পরিসংখ্যান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগসহ মোট নয়টি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের অন্তত ১৮টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা যেসব বিভাগে পরীক্ষা আছে তাদের কাছে চিঠি পাঠিয়েছি যাতে পরীক্ষা স্থগিত রাখা হয়।’

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২৫/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.