এইমাত্র পাওয়া

বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা, শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে

ময়মনসিংহঃ ময়মনসিংহের গফরগাঁও খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও ৪৮ নম্বর খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরো মাঠে পানি থৈ থৈ । বছরের অধিকাংশ সময় থাকে জলমগ্ন,চলে হাঁসের রাজত্ব ।

বছরের ছয় মাসই পানি জমে মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় খেলাধুলা ও প্রতিদিনের ছাত্র সমাবেশসহ মাঠের সব কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত সহ ভোগান্তিতে পড়েছে বিদ্যালয় দুটির সাড়ে চার শ’রও বেশি কোমলমতি শিক্ষার্থী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার রাওনা ইউনিয়নের পাঁচুয়া ভাষা শহীদ আব্দুল জব্বার নগর সড়কের পাশে একই মাঠের দক্ষিণ দিকে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয় ও পশ্চিম দিকে ৪৮ নম্বর খারুয়া বড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।ভালো ফলাফলের জন্য স্কুল দুটির সুনামও রয়েছে ।

মাঠের উত্তর-পশ্চিম দিকে শহীদ জব্বার পাকা সড়ক ও দক্ষিণ-পূর্ব দিকে জনবসতি ও স্কুলটি মাঠের তুলনায় আশপাশের জমির উচ্চতা বেশি থাকায় মাঠের পানি নিষ্কাশন হয় না । ফলে বর্ষাকালে বৃষ্টির পানি মাঠে জমে থাকে জুলাই থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত। অনেক সময় বিদ্যালয়ের ক্লাস রোমে পানি ডুকে । জলাবদ্ধ পানিতে মশা প্রজনন করে। ক্লাস চলাকালে মশার কামড়ে শিক্ষার্থীরা মনোযোগ দিতে পারে না। অনেকেই পানিবাহিত রোগেও আক্রান্ত হচ্ছে।

অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, মাঠে খেলাধুলা করতে না পারায় স্কুলের শিশুরা সহশিক্ষা কার্যক্রমে পিছিয়ে পড়ছে। আশপাশের স্কুলের শিশুদের সঙ্গে তাল মিলিয়ে চলতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের।

তাছাড়া ২০১৭ সালে স্কুলভিত্তিক আন্ত জেলা ফুটবল খেলায় কলসিন্দুর উচ্চ বিদ্যালয় দলের সঙ্গে খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা ফাইনাল খেলায় অংশ নেয়। কিন্তু দীর্ঘদিন যাবত মাঠে পানি জমে মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনুশীলনের সুযোগ না থাকায় শিক্ষার্থীরা ফুটবল খেলায় অংশ নিতে পারছে না।

এ অবস্থায় বেশ কয়েক বছর ধরে বিদ্যালয় দুটির বার্ষিক ক্রীড়া, ফুটবল, প্রতিদিনের ছাত্র সমাবেশসহ মাঠের যাবতীয় কার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একাধীকবার আবেদন করেও কোনো প্রতিকার পায়নি।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণালী, নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাত, অষ্টম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা সরকার জানায়, মাঠে পানি থাকায় তারা খেলাধুলা করতে পারে না। প্রতিদিনের সমাবেশে অংশ নিতে পারছে না ।

খারুয়া বড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা দেবনাথ বলেন, ‘শুধু মাঠের উন্নয়ন নয়, আমার বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বহু শিক্ষার্থী বাইসাইকেল নিয়ে বিদ্যালয়ে আসে। ‘মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের সবসময় ক্লাসরুমেই রাখি। এতে তাদের মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাখখারুল ইসলাম বলেন, বিদ্যালয়টি পরিদর্শন করেছি ।একটি প্রকল্পের মাধ্যমে মাঠের পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া হয়েছে ।আশা করছি দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে ।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/১৮/০৯/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.