বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি ষষ্ঠের সুপারিশ বঞ্চিতদের

ঢাকাঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছেন একদল নিবন্ধিত প্রার্থী।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইস্কাটন গার্ডেনের বোরাক টাওয়ারে এনটিআরসিএ কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা এই দাবি জানান। তাদের অভিযোগ, দীর্ঘ পরীক্ষা প্রক্রিয়া অতিক্রম করে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৬০ হাজারের অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও প্রায় ১৫ হাজার প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।

পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বরাবর দেওয়া এক আবেদনে তারা বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান।

আবেদনে প্রার্থীরা উল্লেখ করেন, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৬০ হাজার ৫২১ জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়। কিন্তু গত ১৯ আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১ হাজার ৬২৭ জনকে সুপারিশ দেওয়া হয়। এতে ১৫ হাজারের মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান।

প্রার্থীরা দাবি করেন, যেখানে এখনও ৬০ হাজারের বেশি পদ শূন্য, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায় ও অযৌক্তিক। তারা আরও জানান, ২০২২ খ্রিষ্টাব্দের ৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে ১৫ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসিএ।

এবারও একইভাবে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তা শিক্ষক সংকট নিরসনসহ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে।

প্রার্থীরা দুটি দাবি পেশ করেন। এক. ১৮তম নিবন্ধনে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু নিয়োগ থেকে বঞ্চিত প্রায় ১৫ হাজার প্রার্থীকে বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ দিতে হবে। দুই. নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্তভাবে উত্তীর্ণ নিয়োগ-বঞ্চিত প্রার্থীদের বিষয়ভিত্তিক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে হবে।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.