ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

রাজশাহীঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনকে আজীবনের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।

আনিসুর রহমান মিলন বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল শাখা ছাত্রদলের সহসভাপতির দায়িত্বে ছিলেন। তিনি দাবি করেন, ওই সময় তার ফেসবুক আইডি তার ‘নিয়ন্ত্রণে ছিল না’।

এদিকে ওই নেতার শাস্তির দাবিতে গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের জুলাই–৩৬ হলের ছাত্রীরা। এরপর রাতে ওই নেতার পদ স্থগিত ও দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের কথা জানিয়ে বিজ্ঞপ্তি দেয় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এবার আরেক বিজ্ঞপ্তিতে তাকে আজীবনের জন্য বহিষ্কার করল ছাত্রদল।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত সোমবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার পরে হলে ফেরায় জুলাই ৩৬ হলের ৯১ ছাত্রীকে প্রাধ্যক্ষের অফিসে তলব করে নোটিশ দেয় হল কর্তৃপক্ষ।

ওই বিজ্ঞপ্তির একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা হয়। পরদিন মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সমালোচনার মুখে অনিবার্য কারণ দেখিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয় হল প্রশাসন। ফেসবুকে এ-সংক্রান্ত একটি ফটোকার্ডের মন্তব্যের ঘরে ছাত্রদল নেতা আনিসুর রহমানের আইডি থেকে ছাত্রীদের ‘এগুলো ছাত্রী নয়, এগুলো বিনা পারিশ্রমিক….’ বলে মন্তব্য করা হয়।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের জুলাই ৩৬ হলের ৯১ জন শিক্ষার্থীকে ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শাহ মখ্দুম হলের সহসভাপতি এ আর মিলন খান কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্যদের পক্ষ থেকে এ আর মিলন খানের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এর মাধ্যমে প্রমাণিত হয় যে উক্ত কুরুচিপূর্ণ মন্তব্য তিনিই ইচ্ছাকৃতভাবে করেছেন। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল তার প্রাথমিক সদস্য পদসহ হল সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার ঘোষণা করছে। একইসঙ্গে সংগঠনের সব নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হলো, তার সঙ্গে কোনোপ্রকার সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখার জন্য।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/০৪/০৯/২০২৫ 


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.