এইমাত্র পাওয়া

কওমি সনদ কার্যকর করাসহ ৩ দাবিতে বিক্ষোভ

ঢাকাঃ কওমি মাদরাসার সনদের যথাযথ স্বীকৃতি ও কার্যকর করার দাবিসহ তিনটি দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ।

শুক্রবার (২২ আগস্ট) বায়তুল মোকাররমের মসজিদের সামনে ইসলামি ছাত্রসমাজ ঢাকা মহানগর আয়োজিত এক বিক্ষোভ মিছিলে এসব দাবি জানায় সংগঠনটির নেতৃবৃন্দ।

এতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহমুদ, সহসভাপতি তারিকুল ইসলাম, সংগঠন সচিব ওয়ালিউল্লাহ আরজুসহ ঢাকা মহানগর শাখার অন্যান্য নেতাকর্মীরা।

তারিকুল ইসলাম বলেন, আজ আমরা তিনটি দাবি নিয়ে এসেছি, প্রথম দাবিটি হলো, আমাদের কওমী মাদরাসার যে সনদ আছে সেটিকে যথাযথ স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয় দাবি হলো, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন স্থগিত করতে হবে। তৃতীয় দাবিটি হলো, মুহাম্মাদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং এলজিবিটি তথা সমকামীতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে৷

অন্য বক্তারা বলেন, আমাদের কওমি মাদরাসার সনদ নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই আমাদের সনদের কার্যকারিতা নিশ্চিত করবে তারা।

তারা বলেন, বাংলাদেশে যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় প্রয়োজন হয়, তাহলে তার আগে প্রয়োজন গাজায়। এত মানুষ হত্যা করা হচ্ছে, জাতিসংঘের কী ভূমিকা সেখানে? জাতিসংঘের কার্যালয় স্থাপন করে তারা বাংলাদেশকেও গাজা বানাতে চায়। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।

শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২২/০৮/২০২৫


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.