ঢাকাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তালিকা প্রকাশ করেন।
প্রাথমিক তালিকা অনুযায়ী, এবার ডাকসুর ২৮টি পদের বিপরীতে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) ২৮ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রয়েছে। এরমধ্যে ভিপি পদে ছাত্র ৪৩ জন, ছাত্রী ৫ জন; জিএএস পদে ছাত্র ১৮ জন, ছাত্রী একজন এবং এজিএস পদে ছাত্র ২৪ জন, ছাত্রী ৪ জন রয়েছে।
সিনেট ভবনে সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন আরও জানায়, ৪৬২ জন প্রার্থী প্রাথমিকভাবে বৈধ হিসেবে রাখা হয়েছে। এরমধ্যে মোট ছাত্র প্রার্থী ৪০২ জন ও ছাত্রী ৬০ জন। আর ৪৭ জন রয়েছে ত্রুটিপূর্ণ প্রার্থীর তালিকায়। তাদের প্রার্থীতা স্থগিত হয়েছে।
তিনি বলেন, ভোটার নাম্বার, নাম পরিচয় ত্রুটিপূর্ণ, রেজিস্ট্রেশন নাম্বারে ভুল, বাবা মায়ের নামে ভুল, স্বাক্ষর ভুল ইত্যাদি কারণে ৪৭ জনের প্রার্থীতা স্থগিত হয়েছে। তারা আপিল করলে যাছাই-বাছাই করে দেখা হবে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত তাদের আপিলের সুযোগ আছে।
সম্পাদক ও সদস্য পদের প্রার্থীতা
মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে ছাত্র ১৪, ছাত্রী ১ জন। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ১০ জন, ছাত্রী ১ জন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ৯ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ২ জন।
সমাজসেবা সম্পাদক পদে ১৩ জন; এদের সবাই ছাত্র। মানবাধিকার ও আইন সম্পাদক পদে মোট ১১ জন; এরমধ্যে ছাত্র ৮, ছাত্রী ৩ জন। স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে ছাত্র ১২ জন, ছাত্রী ৩ জন। ছাত্র পরিবহন সম্পাদক পদে মোট ৯ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। ক্রীড়া সম্পাদক ছাত্র পদে ১৩ জন; এরমধ্যে ১২ জন ছাত্র, ছাত্রী ১ জন। গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ৭ জন, ছাত্রী ৪ জন। কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন; এরমধ্যে ছাত্র ২ জন, ছাত্রী ৯ জন। আন্তর্জাতিক সম্পাদক পদে ১৫ জন; এরমধ্যে সবাই ছাত্র, ছাত্রী নেই। সাহিত্য সম্পাদক পদে ১৯ জন; এরমধ্যে ছাত্র ১৭ জন, ছাত্রী ২ জন।
এছাড়া প্রাথমিক তালিকায় মোট ২১৫ জন সদস্য পদে রাখা হয়েছে। এরমধ্যে ছাত্র ১৯১ জন ও ছাত্রী ২৪ জন।
নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় আগামী ২৫ আগস্ট দুপুর একটা পর্যন্ত। আর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৬ আগস্ট বিকাল ৪টায়। ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৯ সেপ্টেম্বর।
শিক্ষাবার্তা ডটকম/এএইচএম/২১/০৮/২০২৫
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
